দক্ষিণ চীনে শক্তিশালী সামুদ্রিক ঝড় ‘মায়সাকের কারণে রেকর্ড পরিমাণ বৃষ্টি ও ভয়াবহ বন্যায় ৩৯ জন মারা গেছেন। এর মধ্যে একটি বাঁধ ভেঙে যাওয়ার কারণেই প্রাণ হারিয়েছেন ২৬ জন। চীনের গুয়াংঝি অঞ্চলের নাননিং শহরের উপ-মেয়র ডিং ওয়েই জানান, রেকর্ড ভাঙা বৃষ্টির কারণে বাঁধ ভেঙে আকস্মিক হড়কা বান বা জলের তোড় নেমে আসায় এই প্রাণহানির ঘটনা ঘটে।
বন্যা পরিস্থিতি এতটাই খারাপ যে ওই অঞ্চল থেকে প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে এবং আটকে পড়া মানুষদের বাঁচাতে ড্রোন, ৮ হাজার উদ্ধারকর্মী ও প্রায় ৫,৭০০টি নৌকা কাজ করছে। এই ভয়াবহ বন্যার মধ্যেই গুয়াংঝি প্রদেশের গুইগাং চিড়িয়াখানাটি ডুবে গেলে সেটির খাঁচা ও দেয়াল ভেঙে আলপাকা, জেব্রা, সজারু ও ময়ূরসহ অন্তত ১০০টি বন্যপ্রাণী পালিয়ে লোকালয়ে চলে গেছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক করে দিয়ে বলেছে, খাঁচা থেকে পালিয়ে যাওয়া এসব পশুরা আতঙ্কের কারণে সাধারণ মানুষের ওপর চড়াও বা আক্রমণ করতে পারে, তাই তাদের দেখলে যেন কেউ ধরার চেষ্টা না করে এবং নিরাপদ দূরত্বে থাকে। বর্তমানে বন্যার পানি কিছুটা কমতে শুরু করলেও আগামী দুই দিন ওই এলাকায় আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং বর্তমানে বিদ্যুৎ লাইন ও রাস্তাঘাট মেরামতের কাজ চলছে।
