আর্জেন্টিনার ফুটবল সংস্থায় এফবিআইয়ের হানা

আর্জেন্টিনার ফুটবল সংস্থায় এফবিআইয়ের হানা

ফন্ট সাইজ:

মাঠের লড়াইয়ে আর্জেন্টিনা যখন কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দে ভাসছে, ঠিক তখনই মাঠের বাইরে এক বিশাল আর্থিক কেলেঙ্কারির বোমায় কাঁপছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সংস্থাটির বিরুদ্ধে জালিয়াতি এবং অর্থ পাচারের গুরুতর অভিযোগ এনে তদন্তে নেমেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাসহ বিভিন্ন ব্যাংকে ফুটবল সংস্থাটির সন্দেহজনক ৩০০ মিলিয়ন ডলার (প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা) লেনদেনের খোঁজে ওয়াশিংটন ও মায়ামি ফেডারেল কর্তৃপক্ষ এই যৌথ অনুসন্ধান চালাচ্ছে।

আর্জেন্টাইন সংবাদপত্র ‘লা নাসিওন’ এবং যুক্তরাষ্ট্রের ‘মায়ামি হেরাল্ড’-এর প্রতিবেদনে জানা গেছে, গত সপ্তাহে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের সময় এএফএ-র আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তিগুলোর মধ্যস্থতাকারী স্পোর্টস ব্যবসায়ী গুইলারমো তোফোনিকে টানা ৩ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে এফবিআই ও মার্কিন বিচার বিভাগ। তদন্তের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ফ্লোরিডার ‘ট্যুরপ্রডএন্টার এলএলসি’ নামক একটি কোম্পানি। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করে কোটি কোটি অবৈধ ডলার পাচার এবং তার উৎস আড়াল করার চেষ্টা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তদন্তে উঠে আসা কিছু তথ্য রীতিমতো চোখ কপালে তোলার মতো। নথিপত্র অনুযায়ী, দলের জন্য ‘শুভ ভাগ্য’ বয়ে আনার উদ্দেশ্যে এএফএ একজন তথাকথিত ‘আধ্যাত্মিক গুরু’ হোসে আলমারাজের পরিবারকে ৩ লাখ ৪০ হাজার ডলার (১৭টি ট্রানজেকশনে ২০ হাজার ডলার করে) পরিশোধ করেছে! এই গুরু ২০২৪ কোপা আমেরিকা এবং চলমান ২০২৬ বিশ্বকাপেও দলের সঙ্গে বিলাসবহুল খরচে ভ্রমণ করছেন।

এছাড়া সংস্থাটির কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর কোম্পানির অ্যাকাউন্টে ৪ লাখ ৬৮ হাজার ডলার এবং ফ্লোরিডার কিছু শেল (নামসর্বস্ব) কোম্পানির মাধ্যমে আরও ৪২ মিলিয়ন ডলার সন্দেহজনকভাবে স্থানান্তর করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৯০ মিলিয়ন ডলারের (১ হাজার কোটি টাকার বেশি) অনিয়ম হাতেনাতে ধরেছেন গোয়েন্দারা।

এএফএ সভাপতি ক্লাউদিও তাপিয়া বিশ্বকাপের কারণে বর্তমানে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। নিজ দেশেও তার বিরুদ্ধে প্রায় ১২.৭ মিলিয়ন ডলারের কর ফাঁকি ও সমাজকল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের মামলা চলছে। তবে আদালতের বিশেষ অনুমতি পেয়ে তিনি দল নিয়ে মার্কিন মুলুকে এসেছেন।

যদিও মার্কিন বা আর্জেন্টাইন কোনো আদালতেই এখন পর্যন্ত আনুষ্ঠানিক চার্জশিট দাখিল করা হয়নি। তবে শনিবার কানসাস সিটিতে সুইজারল্যান্ডের বিরুদ্ধে আলবিসেলেস্তেদের মহাগুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালের আগে এফবিআই তদন্তের খবর মেসিদের শিবিরে বড় ধরনের মনস্তাত্ত্বিক ধাক্কা দিলো।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন