এবারো ব্রাজিল দলে জায়গা হচ্ছে না নেইমারের!

এবারো ব্রাজিল দলে জায়গা হচ্ছে না নেইমারের!

ফন্ট সাইজ:

কার্লো আনচেলোত্তির বিশ্বকাপ দলে শেষ পর্যন্ত নেইমার জুনিয়রের জায়গা হবে কি না, তা নিয়ে আলোচনা এখনও চলমান। আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের আগে শেষ দু’টি ম্যাচ খেলবে ব্রাজিল। দেশটির গণমাধ্যমের দাবি, এ দুই ম্যাচের জন্যও নেইমারকে দলে রাখছেন না আনচেলোত্তি! একই কথা জানিয়েছেন ইতালির জনপ্রিয় ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও।

আগামী ২৭শে মার্চ যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ১লা এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে মাঠে নামবে সেলেসাওরা। ব্রাজিলিয়ান বিভিন্ন গণমাধ্যমের খবর, আলোচনার তুঙ্গে থাকা নেইমারকে এ দু’টি ম্যাচের জন্যও দলে ডাকছেন না আনচেলোত্তি। ম্যাচ দু’টির পরই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন এ ইতালিয়ান অভিজ্ঞ কোচ। ফলে বিশ্বকাপ দলে জায়গা সান্তোস তারকাকে পাওয়া নিয়ে জল্পনা আরও বাড়ছে।

প্রতিবেদন অনুযায়ী, নেইমার তার সতীর্থদের সঙ্গে বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। তিনি জানান, এবারের বিশ্বকাপই হতে পারে বৈশ্বিক মঞ্চে তার সবশেষ উপস্থিতি। এরপর পেশাদার ক্যারিয়ার থেকে অবসরের ভাবনার কথা দিন দুয়েক আগে নিজেই জানান সাবেক বার্সেলোনা তারকা।

আনচেলোত্তি অনেক আগেই স্পষ্ট করে দিয়েছেন যে, আসন্ন সময়ের দল নির্বাচনের মূল ভাবনায় থাকবে খেলোয়াড়দের শারীরিক ও কারিগরি প্রস্তুতি। শুধু নাম বা অতীতের সাফল্য যে ফুটবলারের কাজে আসবে না, সে বিষয়ে আগেই জোর গলায় নিশ্চিত করেন তিনি। অনেকের ধারণা, সম্প্রতি রাজ্য চ্যাম্পিয়নশিপ ‘কাম্পেওনে পুলিস্তা’ থেকে সান্তোসের বিদায়ের পর নেইমারকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন আনচেলোত্তে। তবে ইএসপিএনের খবর, এ বিদায়ের ঘটনা জাতীয় দলের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় কোনো পরিবর্তন আনেনি।

তবে এখনও ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নেইমারের অবস্থা ও মাঠের অগ্রগতি পর্যবেক্ষণ করছে। তাদের পরিকল্পনা ছিল সান্তোসে নিয়মিত খেলে ছন্দ ফিরে পেলেই তবে পুনরায় জাতীয় দলের ভাবনায় আনা হবে নেইমারকে। তবে নেইমারকে ছাড়াই ব্রাজিল দল কতটা সমন্বিত হতে পারে, সেটিই আপাতত আনচেলোত্তির মূল চিন্তা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন