বাসার ভেতরে জমে থাকা পানিতে ডুবে ৮ মাসের শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

ময়মনসিংহ নগরের ব্রহ্মপল্লী এলাকায় বাসার ভেতরে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে আজনান আমিন তালুকদার আয়াশ (৮ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আয়াশ স্থানীয় রেজুয়ানুল আমিন আবির ও বন্যা আক্তার দম্পতির ছেলে। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টিতে বাসার ভেতরে পানি ঢুকে মেঝেতে জলাবদ্ধতা তৈরি হয়।

বুধবার সকালে খেলার পর আয়াশকে নিয়ে তার মা খাটে ঘুমিয়ে ছিলেন। একপর্যায়ে সবার অজান্তে শিশুটি খাট থেকে গড়িয়ে নিচে পড়ে জমে থাকা পানিতে ডুবে যায়।
কিছুক্ষণ পর শিশুটির নানি এসে তাকে পানিতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্য ও স্বজনরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির বাবা রেজুয়ানুল আমিন আবির বলেন, ‘প্রচণ্ড বৃষ্টিতে ঘরের ভেতরে পানি জমে ছিল।

আমরা বুঝতেই পারিনি ও কখন খাট থেকে নিচে পড়ে গেছে। দেখতে পেয়েই হাসপাতালে নিয়ে যাই। কিন্তু আমার সন্তানকে আর বাঁচানো গেল না। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন জানান, সকাল ১০টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। ময়নাতদন্ত ছাড়াই স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন