শিক্ষার্থীদের সৃজনশীলতা আর কৌশলগত ভাবনাকে চ্যালেঞ্জ জানাতে আসছে ‘অ্যাডউইজ ২.০’

শিক্ষার্থীদের সৃজনশীলতা আর কৌশলগত ভাবনাকে চ্যালেঞ্জ জানাতে আসছে ‘অ্যাডউইজ ২.০’

ফন্ট সাইজ:

শিক্ষার্থীদের সৃজনশীলতা আর কৌশলগত ভাবনাকে চ্যালেঞ্জ জানাতে আসছে ‘অ্যাডউইজ ২.০’। ‘অ্যাডউইজ’ শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং বাস্তব করপোরেট জগতের বিজ্ঞাপন ও ব্র্যান্ডিং চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার একটি সুযোগ। সেই লক্ষ্য নিয়েই আবারও আয়োজন করা হচ্ছে ‘বসুন্ধরা এক্সারসাইজ বুক প্রেজেন্টস অ্যাডউইজ ২.০’, পাওয়ার্ড বাই এক্স সিরামিকস গ্রুপ। ব্র্যাক ইউনিভার্সিটি বিজনেস ক্লাব (বিজবি)-এর এই ফ্ল্যাগশিপ আন্তঃবিশ্ববিদ্যালয় বিজ্ঞাপন প্রতিযোগিতা দেশের সকল সরকারি ও বেসরকারি স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।

বর্তমান সময়ে একটি সফল বিজ্ঞাপন তৈরি করতে শুধু সৃজনশীল ধারণা যথেষ্ট নয়; প্রয়োজন ভোক্তার আচরণ বিশ্লেষণ, বাজার গবেষণা, কৌশল নির্ধারণ এবং কার্যকর উপস্থাপনা। এসব দক্ষতাকে একসঙ্গে কাজে লাগানোর সুযোগ করে দিতেই সাজানো হয়েছে অ্যাডউইজ ২.০-এর প্রতিটি ধাপ।


প্রতিযোগীরা দুই থেকে চার সদস্যের দল গঠন করে ১৫০ টাকা নিবন্ধন ফি প্রদান সাপেক্ষে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। তবে মিশ্র বিশ্ববিদ্যালয়ের দল গ্রহণযোগ্য নয়। প্রথম ধাপে প্রতিযোগীদের নির্ধারিত একটি পণ্যের জন্য এক মিনিটের মধ্যে একটি ভিডিও রিল তৈরি করতে হবে। পাশাপাশি জমা দিতে হবে একটি সংক্ষিপ্ত বাস্তবায়ন পরিকল্পনা। সেখান থেকে নির্বাচিত ২০টি দল দ্বিতীয় ধাপে একটি কেস স্টাডির ওপর ভিত্তি করে গল্পনির্ভর বিজ্ঞাপনচিত্র নির্মাণ করবে এবং বিচারকদের সামনে নিজেদের ধারণা উপস্থাপন করবে। শেষ ধাপে থাকবে মাঠপর্যায়ের বাজার গবেষণা, বিজ্ঞাপন প্রচারণা তৈরি এবং পূর্ণাঙ্গ মার্কেটিং পিচ উপস্থাপনের চ্যালেঞ্জ।


২০১৭ সালে ‘বার্জার অ্যাডউইজ’ নামে যাত্রা শুরু করা এই আয়োজন দীর্ঘ বিরতির পর দ্বিতীয়বারের মতো ফিরছে। প্রথম আসরে দেশের প্রায় ২৫টি বিশ্ববিদ্যালয়ের ৯৫টিরও বেশি দল অংশ নিয়েছিল। আয়োজকদের আশা, এবারের আয়োজনেও দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা নতুন ধারণা ও সৃজনশীলতার মাধ্যমে নিজেদের সামর্থ্য তুলে ধরবেন।

এবারের প্রতিযোগিতায় মোট ৩ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার রাখা হয়েছে। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ২ লাখ টাকা, প্রথম রানার-আপ ১ লাখ টাকা এবং দ্বিতীয় রানার-আপ ৫০ হাজার টাকা।


আগামী ১০ জুলাই বিকেল ৫টা পর্যন্ত নিবন্ধন করা যাবে। আয়োজকদের মতে, প্রতিযোগিতাটি কেবল বিজয়ী নির্ধারণের জন্য নয়, বরং ভবিষ্যতের বিজ্ঞাপন ও মার্কেটিং পেশাজীবীদের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার একটি কার্যকর উদ্যোগ।

আগ্রহী শিক্ষার্থীরা বিস্তারিত জানতে ও নিবন্ধন করতে নিচের লিংকে ক্লিক করুন:

https://adwiz.bizbeebracu.org

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন