ফ্রান্সে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত চার্লস কুশনারের ওপর ফরাসি মন্ত্রীদের সঙ্গে সরাসরি সাক্ষাতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, গত সপ্তাহে ফ্রান্সে এক ডানপন্থী কর্মী হত্যাকাণ্ড নিয়ে মার্কিন দূতাবাসের মন্তব্যের ব্যাখ্যা দিতে রাষ্ট্রদূতকে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। তবে তিনি সেখানে উপস্থিত হননি। এর পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফরাসি কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কের অংশ এবং এটিকে বিদেশি পক্ষের মাধ্যমে ব্যবহৃত হতে দেয়া হবে না। রাষ্ট্রদূত তলবে সাড়া না দেয়াকে কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী বলেও উল্লেখ করা হয়।
সম্প্রতি ফ্রান্সে কট্টর ডানপন্থী কর্মী কুইনটিন ডেরানকিউ নামের এক ব্যক্তি বামপন্থী কর্মীদের সঙ্গে সংঘর্ষে নিহত হন। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং এটিকে যুক্তরাষ্ট্রের রক্ষণশীল কর্মী চার্লি কার্ককে ঘিরে গত বছরের সহিংস ঘটনার সঙ্গে তুলনা করা হয়।
ফ্রান্সে অবস্থিত মার্কিন দূতাবাস এবং পররাষ্ট্র দপ্তরের সন্ত্রাসবিরোধী বিভাগ সামাজিক মাধ্যমে জানায়, তারা ঘটনাটি পর্যবেক্ষণ করছে এবং সহিংস উগ্র বামপন্থা বাড়ছে বলে সতর্ক করেছে।
ফরাসি কূটনৈতিক সূত্র আরও জানায়, রাষ্ট্রদূতের আচরণকে একজন রাষ্ট্রদূতের মৌলিক দায়িত্ব সম্পর্কে ভুল বোঝাবুঝি হিসেবে দেখেই তাকে আপাতত ফরাসি সরকারের মন্ত্রীদের সঙ্গে সরাসরি যোগাযোগ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, এ নিয়ে দ্বিতীয়বারের মতো তলব উপেক্ষা করলেন কুশনার। ২০২৫ সালের আগস্টেও ফ্রান্সে ইহুদিবিরোধী হামলা বৃদ্ধির বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করায় তাকে ব্যাখ্যা দিতে ডাকা হয়েছিল।

TAZUL ISLAM
৩ মাস আগেআমেরিকান রাষ্ট্রদূত একজন ইহুদী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিয়াই অতএব তার কাছ থেকে ভালো কিছু আশা করা যাবে না।