গত রোববার এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় উত্তপ্ত পশ্চিমবঙ্গের বারুইপুর এলাকা। যা ২০২৪ সালের আর জি কর কাণ্ডের অভিশপ্ত স্মৃতি উসকে দিয়েছে। ধর্ষকদের এমন ‘বিকৃত মানসিকতা’য় সামাজিক মাধ্যমে সাধারণ মানুষ থেকে তারকাদের প্রতিবাদের ঝড় উঠেছে। এবার এই ইস্যুতে গর্জে উঠলেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। চব্বিশ সালে আর জি কর হাসপাতালে কর্তব্যরত তরুণী ডাক্তারকে ধর্ষণ-খুনের ঘটনায় পথে নেমে প্রতিবাদ করেছিলেন এই টলিউড অভিনেত্রী। এবার বারুইপুর কাণ্ডেও মুখ খুললেন অভিনেত্রী। শুভশ্রীর কথায়, শিশু থেকে বৃদ্ধা- কোনও বয়সই আজ আর নিরাপদ নয়। এই বিকৃত মানসিকতার মানুষগুলো থামছে না, আর থামবেও না, যতদিন না তারা দৃষ্টান্তমূলক শাস্তি পায়। শাস্তির অভাবই তাদের আরও বেপরোয়া করে তুলছে বারবার এমন নৃশংস অপরাধ করার সাহস জোগাচ্ছে।
নারী নির্যাতন, ধর্ষণের মতো নারকীয় ঘটনার শেষ কোথায়? প্রশ্ন তুলে শুভশ্রীর মন্তব্য, সামাজিক মাধ্যমে প্রতিবাদ, রাস্তায় নেমে বিক্ষোভ সবই হচ্ছে। কিন্তু তারপরও যেন কিছুই বদলায় না। প্রতিদিন কোথাও না কোথাও পরিচিত কিংবা অচেনা কোনও নারী এমন নৃশংসতার শিকার হচ্ছেন। একের পর এক ঘটনা ঘটেই চলেছে। বারুইপুরের ঘটনাও আমাদের আবার মনে করিয়ে দিল, আমরা এখনও কতটা অসহায়। প্রশ্ন একটাই এর শেষ কোথায়? আর কত নিরীহ নারীকে এই বর্বরতার শিকার হতে হবে? আর কত পরিবার ধ্বংস হয়ে যাবে? প্রশ্নগুলো এখন শুধু ক্ষোভ নয়, গভীর যন্ত্রণা হয়ে মনে জমে আছে।
শুভশ্রী আরো বলেন, এমন একটি সমাজের অপেক্ষায় আছি, যেখানে অপরাধীরা ভয় পাবে, আর নারীরা ভয়মুক্ত হবে। শুভশ্রী নিজেও মেয়ের মা। অতঃপর সমাজের এমন অসুস্থতা যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ নয়, সেকথাই মনে করিয়ে দিলেন নায়িকা।
