চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন জনপ্রিয় অভিনেতা শাহেদ শরীফ খান। এ অভিনেতা বরাবরই আর্জেন্টিনার সমর্থক। মূলত ম্যারাডোনার খেলাই তাকে এ দলটির সমর্থক বানিয়েছিল।
এখন মেসির খেলা প্রাণভরে উপভোগ করেন। এবারের বিশ্বকাপকে ঘিরে তিনি এবং তার ছেলে রয়েছেন দারুণ উন্মাদনায়। শাহেদ আর্জেন্টিনার সমর্থক হলেও তার ছেলে ক্রোয়েশিয়ার সমর্থক। তবে শাহেদের স্ত্রী ও অভিনেত্রী নাতাশা হায়াত ফুটবল খেলা খুব একটা পছন্দ করেন না।
শাহেদ বলেন, আমার স্ত্রী পছন্দ না করলেও খেলা চলাকালীন আমাদের উৎসাহ দেয়ার জন্য সঙ্গী হয়ে যায়। খেলা চলাকালীন সময়টুকু নানান খাবার পরিবেশনে তার জুড়ি নেই। এবারে বিশ্বকাপের কিছু খেলা পরিবার নিয়ে জাপানের হোটেলে বসে উপভোগ করেছি। আমার পছন্দের খেলোয়াড় ম্যারাডোনা, মেসি এবং রোনালদিনহো। এবার আমার ছেলে আমাকে আর্জেন্টিনার জার্সি উপহার দিয়েছে। সেটা পরেই প্রিয় দলের খেলা দেখি।
