ফিফা ও ট্রাম্পকে বিশ্ব গণমাধ্যমের কটাক্ষ

ফন্ট সাইজ:

একটি ফোনকল, নিষেধাজ্ঞা প্রত্যাহার, তারপর লজ্জাজনক হার। এই তিনটি ঘটনা মিলে বিশ্ব গণমাধ্যমে যেন ঝড় বয়ে গেল। ফিফার সিদ্ধান্ত আর যুক্তরাষ্ট্রের বিদায় নিয়ে একযোগে উপহাসে মাতলো বিশ্বের নানা প্রান্তের সংবাদমাধ্যম।
স্প্যানিশ দৈনিক মার্কা তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, ‘এমনকি ট্রাম্পও এটি আটকাতে পারলেন না: কোয়ার্টার ফাইনালে স্পেন ও বেলজিয়াম!’ স্পেনের আরেক গণমাধ্যম ‘স্পোর্ত’ লিখেছে, ‘ট্রাম্প যা চেয়েছিলেন তা পাননি, বেলজিয়ামই যাচ্ছে কোয়ার্টার ফাইনালে।’ ফরাসি ক্রীড়া দৈনিক ‘লেঁকিপ’ যুক্তরাষ্ট্রের এই বিদায়কে এক লাইনে খোঁচা দিয়ে লিখেছে, ‘সব আয়োজন কি তবে এই শেষের জন্যই?’ আর্জেন্টিনার বিখ্যাত পত্রিকা ‘ওলে’ শিরোনাম করেছে, ‘পচেত্তিনোর যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে দিল বেলজিয়াম।’

আর ঘরের মাঠের হার নিয়ে যুক্তরাষ্ট্রের দ্য অ্যাথলেটিক হতাশা প্রকাশ করে লিখেছে, ‘শেষ ষোলোর ম্যাচে আনাড়ি পারফরম্যান্সে বেলজিয়ামের কাছে শেষ হলো যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ মিশন।’ কানাডার সিবিসি স্পোর্টসের প্রতিবেদনেও উঠে আসে বেলজিয়ামের ক্ষোভের কথা। বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী পর্যন্ত এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেন। মার্কিন সংবাদমাধ্যমগুলোও এই বিতর্কে ছাড় দেয়নি তাদের প্রেসিডেন্টকে।

এনপিআরের প্রতিবেদনে বলা হয়, ফিফার ব্যাখ্যাহীন সিদ্ধান্তের পরপরই ট্রাম্প-ইনফান্তিনো ফোনালাপের খবর সামনে আসায় ফুটবল বিশ্বে তুমুল ক্ষোভের সৃষ্টি হয়। এবিসি নিউজও লিখেছে, ‘রাজনীতির এই হস্তক্ষেপ শেষ পর্যন্ত মাঠের ফলাফল বদলাতে পারেনি।’ সমালোচনা কেবল সংবাদমাধ্যমেই সীমাবদ্ধ থাকেনি। এর আগে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা ফিফার এই সিদ্ধান্তকে ‘নজিরবিহীন, দুর্বোধ্য ও অযৌক্তিক’ বলে মন্তব্য করে জানিয়ে দেয় নিয়মের নিশ্চয়তা না থাকলে খেলার সততাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন