এত বিতর্কেও কেন ফিফা প্রেসিডেন্টের গায়ে আঁচ লাগে না

এত বিতর্কেও কেন ফিফা প্রেসিডেন্টের গায়ে আঁচ লাগে না

ফন্ট সাইজ:

জিয়ান্নি ইনফান্তিনোর আমলে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থার (ফিফা) ওপর একের পর এক বিতর্ক এসে জমাট বাঁধছে। ডনাল্ড ট্রাম্পকে দেয়া ফিফা শান্তি পুরস্কার থেকে শুরু করে বিশ্বকাপ টিকিটের আকাশ ছোঁয়া দাম ও নতুন সংস্করণের ক্লাব বিশ্বকাপ, সবই এসবের অন্তর্ভুক্ত। এর সবশেষটি হলো যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগানের লাল কার্ডের শাস্তি বাতিল করে বেলজিয়ামের বিপক্ষে শেষ ১৬র ম্যাচে খেলার অনুমতি দেয়া। বিশ্বকাপ ইতিহাসে এমন নজিরবিহীন সিদ্ধান্তের পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের বিষয়টি সামনে আসতেই ফুটবল বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা) একে ‘সব সীমা লঙ্ঘন’ বলে আখ্যা দিলেও, ফিফা সভাপতির ভ্রুক্ষেপ নেই।

বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড দেখা বালোগানকে নিয়ম ভেঙে টুর্নামেন্টে টিকিয়ে রাখার পর ট্রাম্প নিজেই স্বীকার করেছেন, তিনি ফিফা প্রধানকে ‘পুনর্বিবেচনার’ অনুরোধ করেছিলেন। সাবেক লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ একে ‘পাগলামি’ বলে মন্তব্য করেছেন। এমনকি খোদ সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটারও বলেছেন, “ফুটবল কখনোই রাজনৈতিক ক্ষমতার খেলার মাঠ হতে পারে না।” এর আগে সোমালি রেফারি ওমর আরতানকে যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেয়া এবং টিকিটের আকাশচুম্বী মূল্য নিয়ে ফিফা সমালোচিত হলেও, ইনফান্তিনো সেসব পাত্তাই দেননি। এই সিদ্ধান্তকে উয়েফা ‘অকল্পনীয় ও অন্যায়’ বললেও ইনফান্তিনোর অবস্থান নড়চড় করার ক্ষমতা তাদের নেই। ৪৮ দলের বর্ধিত বিশ্বকাপ এবং ‘ফিফা ফরোয়ার্ড’ প্রজেক্টের মাধ্যমে কেপ ভার্দে, জর্ডান বা উজবেকিস্তানের মতো ছোট দেশগুলোকে বিশ্বকাপের স্বপ্ন দেখিয়েছেন ইনফান্তিনো।

উয়েফা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলেও, বিশ্বের অধিকাংশ ছোট দেশ ফিফার ফান্ডিংয়ের ওপর নির্ভরশীল। ২০২৬ বিশ্বকাপে ফিফার সম্ভাব্য আয় ধরা হয়েছে ৯ বিলিয়ন ডলার, যা দিয়ে এই অনুদান দেয়া হয়। ২০২৭ সালের ফিফা নির্বাচনে ইনফান্তিনোর জয় এখনই নিশ্চিত। ফিফার ২১১টি সদস্য দেশের মধ্যে জয়ের জন্য প্রয়োজন ১০৬ ভোট। ইতিমধ্যেই দক্ষিণ আমেরিকান কনফেডারেশন (১০ ভোট), আফ্রিকান ফুটবল কনফেডারেশন (৫৪ ভোট) এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (৪৭ ভোট) ইনফান্তিনোকে তাদের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে। অর্থাৎ, ইউরোপ বা উয়েফা যতই বিরোধিতা করুক না কেন, ইনফান্তিনোর পকেটে ইতিমধ্যেই আছে ১১১টি নিশ্চিত ভোট। ফলে আগামী বছরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার আবার ফিফা সভাপতি হওয়া নিশ্চিতই।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন