ফিলাডেলফিয়ায় গত শনিবার বিশ্বকাপের শেষ ১৬-র ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। কিন্তু মাঠের সেই তুমুল লড়াইকে ছাপিয়ে এবার ফুটবল বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে মাঠের বাইরের এক কুৎসিত বর্ণবাদী আক্রমণ। প্যারাগুয়ের এক নারী সিনেটরের করা চরম বর্ণবাদী মন্তব্যের জবাবে তাকে তীব্র ভাষায় ধিক্কার জানিয়েছেন এমবাপ্পে।
প্যারাগুয়ের লিবারেল র্যাডিক্যাল পার্টির সিনেটর সেলেস্তে আমারিলা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এমবাপ্পের আফ্রিকান বংশোদ্ভূত পরিচয় ও শিক্ষা নিয়ে চরম কটূক্তি করেন।
তিনি এমবাপ্পেকে ‘উপনিবেশিত ক্যামেরুনীয়, যে নিজেকে ফরাসি বলে চালিয়ে দেয়ার জন্য মরিয়া’ এবং ‘লিখতে না জানা এক বর্বর’ বলে উল্লেখ করেন। এমনকি, ‘ম্যাচ শেষে প্যারাগুয়ের খেলোয়াড়দের উচিত ছিল এমবাপ্পেকে থাপ্পড় মারা’- এমন উসকানিমূলক কথাও লেখেন তিনি। এর জবাবে নিজের এবং প্যারাগুয়ের ফুটবলারদের সম্মান রক্ষা করে একটি কড়া বিবৃতি দিয়েছেন এমবাপ্পে। ওই সিনেটরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘মাননীয় সেলেস্তে আমারিলা, আপনি একজন অত্যন্ত ঘৃণ্য নারী এবং আপনার পদের অযোগ্য। আপনি কোনোভাবেই প্যারাগুয়েকে রিপ্রেজেন্ট করেন না, যে দেশটি পুরো টুর্নামেন্ট জুড়ে আবেগ ও সম্মানের সাথে ঘাম ঝরিয়েছে। আপনার এই ধৃষ্টতা ও নগ্ন বর্ণবাদের কারণে আজ পুরো বিশ্ব তাদের ঐতিহাসিক লড়াইয়ের কথা ভুলে গেছে। আপনার মতো মানুষদের পৃথিবীতে ঘৃণা ও বর্ণবাদ ছড়ানোর স্বাধীনতা আমি কখনই দেব না।’
আইনি পদক্ষেপ নিচ্ছে ফরাসি ফেডারেশন
এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। সিনেটর আমারিলার এই মন্তব্যকে ‘অপরাধমূলক ও অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার ঘোষণা দিয়েছে তারা। এফএফএফ এক বিবৃতিতে বলে, ‘এই মন্তব্যগুলো অপরাধমূলক এবং শাস্তিযোগ্য। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য আমরা পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ে বিষয়টি রিপোর্ট করছি। ফরাসি জাতীয় দলের খেলোয়াড়রা ফ্রান্সের প্রতিনিধিত্ব করে, তাই এই অপমান আসলে আমাদের দেশের অপমান।’
উল্লেখ্য, এই ম্যাচের আগে প্যারাগুয়ের কিংবদন্তি গোলকিপার জোসে লুইস চিলাভার্টও ফরাসি দলকে ‘আফ্রিকার দল’ বলে কটূক্তি করেন। একে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দেন ফরাসি ফুটবল প্রধান ফিলিপ ডায়ালো।
চলমান বিশ্বকাপে ৭ গোল করে লিওনেল মেসি ও আর্লিং ব্রুট হালান্দের সঙ্গে যৌথভাবে শীর্ষ গোলদাতা হিসেবে আছেন এমবাপ্পে। মাঠের বাইরের এই নোংরা বিতর্ক পেছনে ফেলে আগামী বৃহস্পতিবার বোস্টনে মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে ফরাসিরা।
