ফুটবল মাঠে নেইমার জুনিয়রকে নিজের অন্যতম বড় আদর্শ মানেন লামিন ইয়ামাল। মাঠের বাইরে ব্রাজিলিয়ান মহাতারকার সঙ্গে কাটানো ছুটির দিনের এক অদ্ভুত ও মজার অভিজ্ঞতা এবার শেয়ার করেছেন স্প্যানিশ এই তরুণ তুর্কি। স্পেন জাতীয় দলের শো ‘লা এস্ত্রেয়া কে নোস উনে’-তে সতীর্থ নিকো উইলিয়ামসের সঙ্গে আড্ডায় ২০২৫ সালের গ্রীষ্মের সেই গল্প শোনালেন ইয়ামাল।
ব্রাজিলের মাঙ্গারাতিবায় নেইমারের বিলাসবহুল প্রাসাদে কয়েকদিন ছুটি কাটাতে গিয়েছিলেন ইয়ামাল। স্প্যানিশ এই ফরোয়ার্ড ভাবেননি সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তার জন্য কী চমক অপেক্ষা করছে। ইয়ামাল বলেন, “আমি ওর বাড়িতে পৌঁছানোর পর বললাম- আমাকে একটা রুম বা থাকার জায়গা দাও। ও উল্টো জিজ্ঞেস করল, ‘কিসের রুম?’ এরপর ও আমাকে বাইরে নিয়ে গেল।”
বাইরে গিয়ে ইয়ামাল দেখেন, ঘরের আঙিনায় রীতিমতো সমুদ্র সৈকতের মতো করে একটি ফুটভলি (ফুটবল ও ভলিবলের মিশ্রণ) কোর্ট বানিয়ে রেখেছেন নেইমার। সেখানে দুজনকে দেখিয়ে নেইমার ইয়ামালকে বলেন, “তুমি এই ছেলের সঙ্গে খেলবে, আর আমি খেলব ওর সঙ্গে।” ইয়ামাল ভেবেছিলেন তারা হয়তো নেইমারের সাধারণ কোনো বন্ধু-বান্ধব। কিন্তু পরে সত্যটা জানতে পেরে তাজ্জব বনে যান ইয়ামাল।
তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম ওরা সাধারণ কেউ। কিন্তু পরে বুঝলাম, ওরা আসলে ফুটভলি খেলায় এই মুহূর্তের পৃথিবীর সেরা দুই খেলোয়াড়!’ আড্ডায় ইয়ামাল ও নিকো দুজনই বিশ্বকাপে ব্রাজিলের মুখোমুখি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে সেই আশা আর পূরণ হচ্ছে না। বিশ্বকাপের শেষ ১৬র ম্যাচে আর্লিং ব্রুট হালান্দের নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। বদলি নেমে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে নেইমার এক গোল শোধ করলেও, সেটি তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ হয়েই থাকলো। অন্য ম্যাচে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে টিকিট পেয়েছে স্পেনও।
