চলতি বছরের আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। ২৩ বছর পর সেখানে টেস্ট খেলবে টাইগাররা। আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজটির সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ডারউইনের মারারা স্টেডিয়ামে লাল বলের প্রথম ম্যাচটি খেলবে নাজমুল হোসেন শান্তরা। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে কুইন্সল্যান্ডের ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।
টাইগারদের আতিথেয়তা জানিয়ে ২২ বছর পর ডারউইনে ফিরবে টেস্ট ম্যাচ। ২০০৪-এর জুলাইয়ে সবশেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় এ শহরে। চলতি বছরের সিরিজ দিয়ে ফের দীর্ঘ পরিসরের ম্যাচ আয়োজন করবে ডারউইন। এবং ম্যাকাইয়ে প্রথমবারের মতো হবে লাল বলের কোনো ম্যাচ। এটি অস্ট্রেলিয়ার দ্বাদশ টেস্ট ভেন্যু। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় ১৯৯২ বিশ্বকাপের ভারত-শ্রীলঙ্কার ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর থেকে দীর্ঘদিন এখানে ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেট আয়োজিত হয়নি। পরে সংস্কার ও আধুনিকায়ন শেষে নিয়মতই অনুষ্ঠিত হচ্ছে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট। অস্ট্রেলিয়া সফরে ২০০৩-এ শেষবার ডারউইনে টেস্ট খেলে বাংলাদেশ। সেবার সিরিজের দু’টি ম্যাচেই ইনিংস ব্যবধানে হারে খালেদ মাহমুদের দল। এরপর দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা। ২০১৭-এর পর দু’দলের মধ্যে এটি প্রথম টেস্ট সিরিজ। ২০২০-এ বাংলাদেশ সফরে ম্যাচ খেলার কথা থাকলেও করোনার প্রকোপে সেটি বাতিল হয়ে যায়।
বাংলাদেশের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) চক্রের সিরিজটি দিয়ে ব্যস্ত টেস্ট সূচি শুরু করবে অস্ট্রেলিয়া। অ্যাশেজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারানোর পর এটিই হবে তাদের প্রথম টেস্ট সিরিজ। এরপর অক্টোবরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার যাবে প্যাট কামিন্সরা। এছাড়া, চলতি বছরের জুনে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। সেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে দু’দলের।
