১,৫০৪ কোটি টাকার নতুন বিনিয়োগে শেল্‌টেক গ্রুপ, ৪৫ হাজার কর্মসংস্থানের লক্ষ্য

১,৫০৪ কোটি টাকার নতুন বিনিয়োগে শেল্‌টেক গ্রুপ, ৪৫ হাজার কর্মসংস্থানের লক্ষ্য

ফন্ট সাইজ:

দেশের কৃষি-প্রক্রিয়াজাতকরণ, রিয়েল এস্টেট, বস্ত্র, উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে মোট ১,৫০৪ কোটি টাকার নতুন বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান শেল্‌টেক গ্রুপ। প্রতিষ্ঠানটির এই বিনিয়োগ বাস্তবায়িত হলে প্রায় ৪৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, যার বড় অংশই চুক্তিভিত্তিক কৃষিকাজের মাধ্যমে গড়ে উঠবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন বিনিয়োগ দেশের শিল্প উৎপাদন, রপ্তানি সক্ষমতা, কর্মসংস্থান এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রকল্পগুলোর একটি বড় অংশ নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হবে। পাশাপাশি যৌথ উদ্যোগ, ব্যাংক ঋণ ও বৈদেশিক অর্থায়নের মাধ্যমে অন্যান্য প্রকল্প এগিয়ে নেয়া হবে।
শেল্‌টেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের চাহিদা এবং দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে সামনে রেখে প্রতিষ্ঠানটি বিভিন্ন খাতে বিনিয়োগ সমপ্রসারণ করছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শিল্প উৎপাদন, রপ্তানি আয় ও কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

কৃষি-প্রক্রিয়াজাতকরণ খাতে গ্রুপটির স্পেনীয় যৌথ উদ্যোগ ‘স্পেন-বাংলাদেশ এগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেড’-এ ইতিমধ্যে প্রায় ৪০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। দিনাজপুরের পার্বতীপুরে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে এবং সেখান থেকে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি হচ্ছে। এছাড়া, রিয়েল এস্টেট খাতে রাজধানীর বনশ্রী এলাকায় ‘শেল্‌টেক লিগ্যাসি প্লাজা’- নামে ১৭তলা আধুনিক শপিং কমপ্লেক্স নির্মাণে ৫৭৫ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এছাড়া জলসিঁড়ি আবাসন এলাকায় যৌথ উদ্যোগে ২৬৫ কোটি টাকা বিনিয়োগে ২১টি আবাসন প্রকল্পের কাজ এগিয়ে চলছে।
উৎপাদন খাতে সিলেটে দেশের একমাত্র অ্যাব্রেসিভ পেপার উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্রাইন্ডটেক লিমিটেডে ৮৫ কোটি টাকার বিনিয়োগ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অন্যদিকে, বস্ত্র খাতে ব্লেন্ডেড সুতার উৎপাদন সক্ষমতা বাড়াতে এনভয় টেক্সটাইলস লিমিটেড প্রায় ১৭৯ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে। ২০২৭ সালের মধ্যে এই সমপ্রসারণ কার্যক্রম শেষ করার লক্ষ্য রয়েছে।

নবায়নযোগ্য জ্বালানি খাতে কার্বন নিঃসরণ কমানো এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শেল্‌টেক গ্রুপ তাদের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ১০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নিয়েছে। বর্তমানে শেল্‌টেক গ্রুপের বার্ষিক টার্নওভার প্রায় ৬,৭০০ কোটি টাকা। নতুন প্রকল্পগুলো পূর্ণাঙ্গভাবে চালু হলে ২০৩০ সালের মধ্যে এই টার্নওভার ৯,২০০ কোটি টাকায় উন্নীত হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

শেল্‌টেক গ্রুপের এই বহুমুখী বিনিয়োগ পরিকল্পনা শুধু শিল্প খাতেই নয়, কৃষি, রপ্তানি, কর্মসংস্থান এবং নবায়নযোগ্য জ্বালানির মতো অগ্রাধিকারপ্রাপ্ত খাতেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন