মাতৃত্বের কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। কন্যাসন্তানের জন্মের পর আর জনসমক্ষে আসেননি তিনি। এমনকি ঈদে তার সিনেমা মুক্তি পেলেও সেসব ছবির প্রচারণাতেও দেখা যায়নি এ নায়িকাকে। জানা গেছে, মে মাসে সন্তান জন্ম দেয়ার পর বিরতিতে রয়েছেন তিনি। তবে বিরতিতে থাকলেও নিজেকে প্রস্তুত করছেন নতুন কাজের জন্য। দ্রুতই বিরতি কাটিয়ে আবারো ক্যামেরার সামনে ফিরবেন বুবলী। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বরে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে অভিনয়ে ফেরা হবে তার। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা জাহিদ হোসেন।
এতে বুবলীর বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক আদর আজাদ। নির্মাতা জাহিদ হোসেন বলেন, বুবলীর সঙ্গে কথা হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি সাপেক্ষে সেপ্টেম্বরে শুটিংয়ে ফিরবেন বলে তিনি আমাদের কথা দিয়েছেন। ‘ঢাকাইয়া দেবদাস’ নির্মিত হচ্ছে পুরান ঢাকার ভাষা, সংস্কৃতি ও জীবনযাপনকে কেন্দ্র করে। সিনেমাটিতে আদর আজাদকে দেখা যাবে একজন শিয়া যুবকের চরিত্রে। অন্যদিকে বুবলী অভিনয় করবেন একজন সুন্নি তরুণীর ভূমিকায়। চরিত্রের প্রয়োজনে দু’জনকেই উর্দু ভাষায় সংলাপ বলতে হবে।
নামের কারণে ‘ঢাকাইয়া দেবদাস’কে বাণিজ্যিক চলচ্চিত্র মনে হলেও নির্মাতার পরিকল্পনা কিছুটা ভিন্ন। তার ভাষ্য, সিনেমাটি মূলত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে লক্ষ্য করে নির্মাণ করা হচ্ছে। এরপর দেশের প্রেক্ষাগৃহেও এটি মুক্তি দেয়া হবে। এদিকে বুবলী জানালেন, সন্তানের যত্ন নেয়ার পাশাপাশি তিনি ফেরার প্রস্তুতি নিচ্ছেন। বিশেষ করে ফিটনেসের দিকে মনোযোগ দিচ্ছেন। পুরোপুরি ফিট হয়ে তবেই তিনি ফিরবেন।
