মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কংগ্রেসে দেয়া স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে নিজের অর্থনৈতিক সাফল্য জোরালোভাবে তুলে ধরে মধ্যবর্তী (মিডটার্ম) নির্বাচনের আগে রাজনৈতিক অবস্থান শক্ত করার চেষ্টা করেছেন। ইতিহাসের দীর্ঘতম এই ভাষণে তিনি দাবি করেন, তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র একটি নতুন ‘স্বর্ণযুগে’ প্রবেশ করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মঙ্গলবার দেয়া এক ঘণ্টা ৪৭ মিনিটের ভাষণের শুরুতেই ট্রাম্প অর্থনীতিকে প্রাধান্য দেন। তিনি বলেন, তার প্রশাসন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করেছে, শেয়ারবাজারকে রেকর্ড উচ্চতায় নিয়ে গেছে, বড় ধরনের করছাড় কার্যকর করেছে এবং ওষুধের দাম কমিয়েছে। ভাষণের শুরুতে রিপাবলিকান আইনপ্রণেতারা ‘ইউএসএ, ইউএসএ’ স্লোগানে তাকে স্বাগত জানালেও ডেমোক্রেটদের অনেক আসন ফাঁকা ছিল, কারণ তাদের অনেকেই ভাষণ বর্জন করে বাইরে প্রতিবাদে অংশ নেন।
তবে ট্রাম্প মূল্যস্ফীতি কমার দাবি করলেও বাস্তবে খাদ্যপণ্য, আবাসন, বীমা ও ইউটিলিটি খরচ আগের তুলনায় এখনও বেশি রয়েছে। সাম্প্রতিক অর্থনৈতিক তথ্য বলছে, গত প্রান্তিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে ধীর হয়েছে এবং মূল্যস্ফীতি আবারও বেড়েছে। এক জরিপে দেখা গেছে, অর্থনীতি পরিচালনায় ট্রাম্পের প্রতি সমর্থন মাত্র ৩৬ শতাংশ।
নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন এবং সিনেটের প্রায় এক-তৃতীয়াংশ আসনে ভোট হবে। ডেমোক্রেটরা রিপাবলিকানদের কাছ থেকে কংগ্রেসের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের আশা করছে।
ভাষণে ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেনের সমালোচনা করলেও সম্প্রতি তার শুল্কনীতি বাতিল করা মার্কিন সুপ্রিম কোর্টের রায় নিয়ে তুলনামূলক সংযত ছিলেন। তিনি রায়টিকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন।
পররাষ্ট্রনীতি ভাষণের প্রথম অংশে তুলনামূলক কম গুরুত্ব পায়। রাশিয়া–ইউক্রেন যুদ্ধের চতুর্থ বার্ষিকী হলেও বিষয়টি তিনি সংক্ষিপ্তভাবে উল্লেখ করেন। ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি কূটনৈতিক সমাধান চান, তবে তেহরানকে কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবেন না।
অভিবাসন ইস্যুতে এসে ভাষণ উত্তপ্ত হয়ে ওঠে। ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করলে ডেমোক্রেট আইনপ্রণেতাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। মিনিয়াপোলিসের প্রতিনিধি ইলহান ওমর তাকে উদ্দেশ করে চিৎকার করে বলেন, আপনি আমেরিকানদের হত্যা করেছেন। এ সময় কংগ্রেস কক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এছাড়া ভোটার পরিচয়পত্র আইন নিয়ে ডেমোক্রেটদের বিরুদ্ধে নির্বাচনী কারচুপির অভিযোগ তোলেন ট্রাম্প, যদিও ডেমোক্রেটরা বলছে এ ধরনের আইন ভোটারদের ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করবে।
নাটকীয় উপস্থাপনার জন্য পরিচিত ট্রাম্প ভাষণের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সাফল্যের উদাহরণ হিসেবে শীতকালীন অলিম্পিকে স্বর্ণপদকজয়ী মার্কিন পুরুষ আইস হকি দলকে অভিনন্দন জানান।
বিশ্লেষকদের মতে, কমে যাওয়া জনপ্রিয়তা, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে জনঅসন্তোষ এবং আন্তর্জাতিক উত্তেজনার মধ্যেই দেয়া এই ভাষণ ছিল ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
