আফগান ক্রিকেটের অগ্রপথিক শাপুর জাদরান আর নেই

আফগান ক্রিকেটের অগ্রপথিক শাপুর জাদরান আর নেই

ফন্ট সাইজ:

আফগানিস্তান ক্রিকেটের উত্থানের অন্যতম রূপকার ও সাবেক পেসার শাপুর জাদরান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে মারাত্মক অসুস্থতার পর ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে শাপুর জাদরানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

গভীর শোক প্রকাশ করে এসিবি তাদের বিবৃতিতে বলে, ‘অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আমাদের সাবেক ফাস্ট বোলার শাপুর জাদরানের প্রয়াণে শোক প্রকাশ করছে।’

আফগানিস্তানের ক্রিকেটের শুরুর দিকের পেস আক্রমণের প্রধান অস্ত্র ছিলেন শাপুর জাদরান। যুদ্ধবিধ্বস্ত একটি দেশ থেকে উঠে এসে বিশ্ব ক্রিকেটের মানচিত্রে আফগানিস্তানের পরাশক্তি হয়ে ওঠার পেছনে যে কজন ক্রিকেটার পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছিলেন, শাপুর ছিলেন তাদের অন্যতম।

তার আগ্রাসী বোলিং ও গতি তৎকালীন সময়ে বিশ্বমঞ্চে আফগানদের সমীহ জাগাতে দারুণভাবে সাহায্য করে। দেশের হয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি- দুই সংস্করণেই বল হাতে মাঠ কাঁপিয়েছেন এই বাঁহাতি পেসার।

বিশেষ করে আফগানিস্তানের প্রথম প্রজন্মের এই ক্রিকেটার দলটিকে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বৈশ্বিক টুর্নামেন্টের মূল মঞ্চে কোয়ালিফাই করতে ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হিসেবে গড়ে তুলতে অনবদ্য অবদান রাখেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার এই অবদান এবং মাঠের সেই আগ্রাসী উদযাপন আফগান ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন