কাতার প্রবাসে ভালোই চলছিল মহসীন খন্দকারের জীবন-জীবিকা। পারকিনসন্স রোগ হঠাৎই এলোমেলো করে দিলো স্বপ্ন। প্রবাসে যাওয়ার তিন বছরের মাথায় ফিরে আসতে হয়েছে দেশে। এরপর থেকে চলছে চিকিৎসার সংগ্রাম। কিন্তু টাকার অভাবে চলছে না চিকিৎসা। অপারেশনের জন্য দরকার মোটা অঙ্কের টাকা।
এর সংস্থানের চেষ্টাতে মহসীন এখন দিশাহারা। চাইছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা। ৪৫ বছর বয়স্ক মহসীন খন্দকারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে। ২০১৫ সালে জীবিকা অন্বেষণে কাতার প্রবাসে যান মহসীন। তখন ৭ লাখ টাকা ধারদেনা করেন। সেই ঋণ শোধ হওয়ার আগেই দেখা দেয় বিপদ। সেখানে ২০১৮ সালে তার পারকিনসন্স রোগ দেখা দেয়। এরপর দেশে এসে চিকিৎসা করিয়ে আবার বিদেশে ফিরে যান।
মহসীন জানান, গত দুই বছর ধরে কোনো কাজকর্ম করতে পারছেন না। বর্তমানে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রফেসর ডাক্তার জালাল উদ্দিন মোহাম্মদ রুমির অধীনে তার চিকিৎসা চলছে। চিকিৎসক জানিয়েছেন, তার ব্রেনে সহসাই একটি অপারেশন করতে হবে। এজন্য প্রায় ২০-২২ লাখ টাকা প্রয়োজন। এর মধ্যে প্রবাসী কল্যাণ বোর্ড থেকে ২ লাখ টাকা অনুদান পেয়েছেন। পরিবার এবং আত্মীয়স্বজনের কাছ থেকে আরও কয়েক লাখ টাকা ধারদেনা করেছেন চিকিৎসার জন্য। সার্জারির জন্য তার প্রয়োজন আরও কমপক্ষে ১০ লাখ টাকা। চিকিৎসার মোটা অঙ্কের ব্যয়ভার সংস্থানে আর কোনো উপায় দেখছেন না মহসীন। টাকার অভাবে আটকে আছে তার অপারেশন। নিরূপায় মহসীন তার অপারেশনের জন্য প্রধানমন্ত্রীর কাছে অর্থ সহায়তা চান।
