অক্টোবরে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

অক্টোবরে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ফন্ট সাইজ:

অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন করার কর্মপরিকল্পনা নিয়ে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেছেন, কখন কোন নির্বাচন হবে তা নিয়ে সরকারের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেবে ইসি। সোমবার বিকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি-আরএফইডি আয়োজিত ফল উৎসবে অংশ নিয়ে স্থানীয় নির্বাচন নিয়ে কথা বলেন আব্দুর রহমানেল মাছউদ।
ইসি মাছউদ বলেন, স্থানীয় সরকারের সীমানা নির্ধারণ ও সীমানা সংক্রান্ত জটিলতা সমাধানের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে কাজ করতে হবে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য সরকারকে চিঠি দেয়া হবে। একইসঙ্গে সীমানা জটিলতা সংক্রান্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তালিকা ইসিকে দিতে সরকারকে অনুরোধও জানানো হবে।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশন বাস্তবতা বিবেচনায় নিয়ে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন ধাপে ধাপে শুরু করার পক্ষে। সবগুলো (সিটি, পৌর, উপজেলা, জেলা ও ইউপি) নির্বাচন একসঙ্গে করা যাবে না। কোনটা বেশি দরকার, সরকারের সঙ্গে এসব বিষয়ে আমাদের আলাপ আলোচনা হবে। তার ভিত্তিতে আমরা তফসিল ঘোষণা করব। স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠান শূন্য আছে। তবে একটা নির্বাচন আরেকটা নির্বাচনের সঙ্গে জড়িত। পৌরসভা ও ইউনিয়ন পরিষদ সদস্যরা পদাধিকারবলে উপজেলা পরিষদের সদস্য। পৌরসভা ও ইউপি নির্বাচন না হলে উপজেলা পরিষদ গঠন করা যায় না। তাই এটা পরে করতে হবে। তবে সিটি করপোরেশন আলাদা।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা থেকে নির্বাচন শুরু হওয়াটা বাস্তবক্ষেত্রে অধিক যৌক্তিক। সিটি করপোরেশন একটু আলাদা, প্রশাসক দিয়ে চলছে। ভোটের অন্তত ৪৫ দিন আগে ইসি তফসিল ঘোষণার প্রস্তুতি নিয়ে রাখবে। সরকারের সঙ্গে আলোচনার প্রসঙ্গে এই নির্বাচন কমিশনার বলেন, ভোটে অনেক লোকবলের সম্পৃক্ততা থাকায় সময়ের একটু প্রয়োজনীয়তা রয়েছে। আমরা মনে করি, নির্বাচন সঠিক সময়ে হবে। স্থানীয় সরকারের সীমানা সম্পৃক্ততা ও নানা কাজে সরকারের সহযোহিতা দরকার হওয়ায় বাস্তবসম্মতভাবে সরকারের সঙ্গে লিখিত ও অলিখিত আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রীরা সংসদে এ নিয়ে (স্থানীয় সরকার নির্বাচন) কথা বলছেন। আমরা নির্বাচন অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি ইতোমধ্যে শুরু করেছি। আগামী সপ্তাহ থেকে ইসি সচিব ধারাবাহিকভাবে এ নিয়ে হালনাগাদ তথ্য দেবেন । নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, তাহমিদ আহমদ, ইসি সচিব আখতার আহমেদও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন