বিলীনের পথে কুলাউড়ার পৃত্থিমপাশার থামা গাং

বিলীনের পথে কুলাউড়ার পৃত্থিমপাশার থামা গাং

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃত্থিমপাশা ও টিলাগাঁও ইউনিয়নের সীমানা দিয়ে বয়ে চলা এক সময়ের স্রোতস্বিনী থামেশ্বরী ছড়া (থামা গাং) দখলদারদের কবলে পড়ে বিলীন হতে চলেছে। খরস্রোতা মনু নদী থেকে উৎপত্তি হওয়া উল্লিখিত দুই ইউনিয়নের কৃষক কৃষি কাজে ব্যবহার করতেন ওই ছড়ার পানি। দেশীয় মাছের অভয়াশ্রম ছিল এটি। তাছাড় ছড়ার উভয় পাড়ে জেগে ওঠা ঘাস, দল, কলমি লতা, কেওয়া পাতা ছিল অন্যতম গো-খাদ্য। পেশাদার জেলেরা এক সময় এই ছড়া থেকে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন।
সরজমিন দেখা যায়, থামেশ্বরী ছড়ার বর্তমানে কোনো অস্তিত্ব নেই। দু’পাড়ের ভূমির মালিকরা একেবারেই দখল করে নিয়েছেন ছড়াটি। জল শূন্যতায় ভুগছেন স্থানীয় ইটাহরি বন ও ছাগলিকোনা হাওরের কৃষক। এই ছড়ার পানি দিয়ে আউশ, আমন ও বোরো ধান চাষ করতেন কৃষক। বিশেষ করে স্থানীয় রবিরবাজারের পশ্চিমে অবস্থিত ছাগলিকোনা হাওরের বিশাল আবাদি জমি বোরো মওসুমে পানির অভাবে ধান চাষ করতে পারেন না কৃষকরা। এই ছড়ায় পানি থাকলে কৃষক তিন ফসলী ধান চাষ করতে পারতেন। থামেশ্বরী এই ছড়া নিয়েও ২০২৪ সালে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত এই ছড়ার কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। স্থানীয়রা বলেন, এই ছড়ায় আমাদের বাপ-দাদারা জাল ফেলে মাছ শিকার করতেন একসময়। তাছাড়া আমাদের গৃহপালিত গরু, মহিষকে গোসল করাতাম এই ছড়ার পানি দিয়ে। পানি দিয়ে আমরা আমাদের কৃষি কাজ করতাম। কিন্তু ছড়াটি আজ বিলীন হয়ে গেছে। ছড়াটি খনন করে দু’পাশে বৃক্ষরোপণ করলে পরিবেশ অনেক সুন্দর ও উপভোগ্য হবে। একটি পর্যটন স্থান হিসেবে রূপান্তরিত হবে। এ বিষয়ে পৃত্থিমপাশা ইউনিয়ন ভূমি কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, এই ছড়াটি খনন করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এ বিষয়ে উপজেলার কর্মকর্তাদের কাছে বিষয়টি উপস্থাপন করবো এবং সরজমিন সরকারি সার্ভেয়ার দিয়ে ছড়াটি নির্ণয় করবো। সহকারী অধ্যাপক (ইতিহাস বিভাগ) মো. মাজহারুল ইসলাম বলেন, মনু নদী থেকে উৎপন্ন থামা নদী ফানাই নদীতে মিশেছে। কিন্তু দখলদার ও খনন না করার কারণে এ নদীটি এ অঞ্চল থেকে হারিয়ে গেছে। খুব দ্রুততার সঙ্গে এ নদীটিকে উদ্ধার করে কৃষি কাজের জন্য ভূ-উপরিস্থ পানি ব্যবহারের সুযোগ তৈরি করতে হবে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম বলেন, থামেশ্বরী ছড়ার এ বিষয় নিয়ে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন