বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। প্রধানমন্ত্রী এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। পাশাপাশি সৌদি যুবরাজও বাংলাদেশ সফরের তারেক রহমানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। গতকাল এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, সোমবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া। তিনি প্রধানমন্ত্রীর কাছে সৌদি যুবরাজের পাঠানো একটি চিঠি হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর রিয়াদ সফরের সময় সূচি নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। কূটনৈতিক সূত্র বলছে, আমন্ত্রণে প্রধামন্ত্রীর সায় মানেই এই সফরটি নিশ্চিত। তবে এখনও সময় চূড়ান্ত হয়নি। সম্ভাব্য সময় জানতে চাইলে উচ্চ পর্যায়ের এক পররাষ্ট্র কর্মকর্তা বলেন, সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান রিয়াদ সফর করবেন। এ লক্ষ্যে কাজ শুরু করেছে ঢাকা। এছাড়া আগে সৌদি যুবরাজ নাকি প্রধানমন্ত্রীর সফর অনুষ্ঠিত তা নিয়েও এখন পর্যন্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানান ওই কর্মকর্তা।
এদিকে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা চিঠিতে সৌদি যুবরাজ জানান, তিনি প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তিনি আরও বলেন, সৌদি আরবের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভ্রাতৃসুলভ মনোভাব দুই দেশের সম্পর্কের গভীরতার প্রতিফলন। একই সঙ্গে তিনি বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে আরও এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতের মাধ্যমে সৌদি যুবরাজকে আমন্ত্রণ গ্রহণের জন্য ধন্যবাদ জানান। সাক্ষাতে রাষ্ট্রদূত আরও জানান, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদও শিগগিরই বাংলাদেশ সফরে আসবেন। তার এই সফরের পরই প্রধানমন্ত্রীর সফর সূচি চূড়ান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সৌদি রাষ্ট্রদূত তার সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে রিয়াদ সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী আমন্ত্রণটি গ্রহণ করেন। এছাড়া আগামী সপ্তাহে সৌদি আরবের একটি মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা করতে ঢাকা সফর করবে বলে জানান- রাষ্ট্রদূত। সাক্ষাতে বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর বিনিয়োগের আগ্রহ নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী সরকারের বিনিয়োগবান্ধব বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে আশা প্রকাশ করেন, বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীকে ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ অংশ নেয়ার আমন্ত্রণ: প্রধানমন্ত্রীকে ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে’ অংশ নিয়ে সেখানে কী নোট (মূল প্রবন্ধ) উপস্থাপনের আমন্ত্রণ জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের পক্ষ থেকে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রীকে ২০২৭ সালের জুন মাসে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’-এর তৃতীয় সংস্করণে অংশগ্রহণ এবং সেখানে মূল বক্তব্য দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। ফোরামে প্রধানমন্ত্রী অংশগ্রহণ করলে ইউরোপীয় ইউনিয়নের ‘গ্লোবাল গেটওয়ে ইনিশিয়েটিভ’-এর আওতায় টেকসই অবকাঠামো, ডিজিটালাইজেশন, জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে আরও বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রীকে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন ইইউ ভাইস প্রেসিডেন্ট কাজা ক্যালাস। এ সংক্রান্ত একটি চিঠি পররাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছে দেন রাষ্ট্রদূত। পররাষ্ট্রমন্ত্রী-রাষ্ট্রদূতের মধ্যকার বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্কের বিভিন্ন দিক আলোচিত হয়েছে। উভয় পক্ষ প্রস্তাবিত ‘বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন বিজনেস ফোরাম-২০২৭’, আসন্ন উচ্চপর্যায়ের কার্যক্রম, বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করেন।
এবার প্রধানমন্ত্রীর সৌদি সফরের আলোচনা
কূটনৈতিক রিপোর্টার
৭ জুলাই (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
