নিজেরা কাজ করে স্বাবলম্বী দেশ গড়তে হবে: ফখরুল

নিজেরা কাজ করে স্বাবলম্বী দেশ গড়তে হবে: ফখরুল

ফন্ট সাইজ:

নিজেরা কাজ করে স্বাবলম্বী দেশ গড়তে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কারো ওপর নির্ভর করে নিজের অবস্থার পরিবর্তন করা যায় না। নিজের কাজ নিজে করতে হবে। গ্রাম সরকার গঠন করলে নেতৃত্ব বিকশিত হবে। তৃণমূল থেকেই দুর্নীতিকে একেবারে না বলতে হবে। নিজে ঠিক থাকলে অন্যকে ঠিক করা যাবে। উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মির্জা ফখরুল বলেন, আমরা দারিদ্র্য থেকে মুক্তি চাই। ফ্যাসিস্ট সরকার কাজের চেয়ে বেশি চুরি করেছে। দুর্নীতি হয়েছে চরমভাবে। প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা নষ্ট হয়েছে। বিআরডিবি-কে মৃত করে রেখেছে বিগত সরকার। আর মানুষের আয়ের পথ না বাড়লে উন্নতি হবে না, বিআরডিবির মূল কাজ হচ্ছে জনগণকে সম্পৃক্ত করা, সংগঠিত করা, প্রশিক্ষণ দেয়া, প্রশিক্ষণের মাধ্যমে যে পণ্য উৎপাদন করে, সেই পণ্যের বাজার তৈরি করা।
তিনি বলেন, বাংলাদেশ ছোট্ট দেশ, কম উন্নত, গ্রামে অনেক গরিব মানুষ। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন, খাল খনন করেছেন। বেগম খালেদা জিয়া আন্দোলন করে ক্ষমতায় এসে নারীদের শিক্ষায় কাজ শুরু করেছে।

মন্ত্রী বলেন, কথা ও কাজের মিল না থাকায় সামনের দিকে অগ্রসর হওয়া কঠিন হচ্ছে। এখন দেশের বিভিন্ন স্থানে যাই; দেখি, রাস্তা-ঘাট ভাঙা, উন্নয়ন নেই। কিন্তু এলজিআরডিতে অনেক বাজেট ছিল, সেই টাকা কই গেল? অর্থাৎ লুটপাট হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ বছর পর দেশে ফিরেই ঘোষণা করেছেন বাংলাদেশকে পরিবর্তন করে উন্নত করতে চান। সেজন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন শুরু করেছেন। পরিবার থেকেই উন্নয়ন ও ক্ষমতার সমন্বয় করেছেন। সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, ঋণ মওকুফের মতো কর্মসূচির মধ্য দিয়ে উন্নত দেশ গড়ার কাজ এগিয়ে নিচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, দেশ গড়তে অন্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজেকে ভালো কাজে মনোনিবেশ করতে হবে। কারো ওপর নির্ভরশীল না হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে নিজেদের উদ্যোগী হতে হবে। পার্শ্ববর্তী দেশ, নিকটবর্তী দেশ, দূরবর্তী দেশ মার্কিন মুল্লুক থেকে কেউ এসে দেশের উন্নয়ন করে দেশকে সুন্দর করে দিয়ে যাবে না। নিজেদেরই করতে হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন