ইউক্রেনজুড়ে রাতভর ফের ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া বাহিনী। সোমবার (৬ জুলাই) ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। সেই সঙ্গে আহত হয়েছে এক ডজনের বেশি। খবর আল জাজিরার।
কিয়েভ সিটির সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো বলেছেন, হামলার কিয়েভে আহত হয়েছে ৪৬ জন। এ ছাড়া কিয়েভের আশেপাশে অতর্কিত হামলায় আরও একজন নিহত এবং ১০ জন আহত হয়েছে।
ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়া রাতভর ৬৮টি ক্ষেপণাস্ত্র এবং ৩৫১টি ড্রোন ছুড়েছে।
কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দিবাগত রাত ১টা ৪০ মিনিট নাগাদ প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়, এরপর ২টা ১০ এবং ৩টা ১৫ মিনিটেও একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
ইউক্রেনজুড়ে বিমান হামলার সাইরেন বাজানোর পর হাজার হাজার বাসিন্দা ভূগর্ভস্থ নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।
তাকাচেঙ্কো বলেছেন, বিমান হামলায় কিয়েভে অন্তত ১৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীজুড়ে উদ্ধার অভিযান চলছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এর আগে রোববার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেন যে রাশিয়ান বাহিনী আরও তুমুল হামলা চালাতে পারে।
তিনি বলেছেন, গোয়েন্দারা ফের ইঙ্গিত দিয়েছেন যে রাশিয়া আরও ব্যাপক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে।
চার বছরের বেশি সময় ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। এতে দুইপক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো দেশ দুইটির মধ্যে যুদ্ধের পরিমাণ আরও বাড়ছে।
