ব্রাজিলের পেনাল্টি মিস নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নের হারের পেছনে এটাই কি দায়ি? আর এই পেনাল্টি মিসের দায়টাই বা কার? যদিও ব্রুনো গিমারাইস মিসটা করেছেন। তবে অনেকেই কোচ কার্লো আনচেলত্তির ভুলও দেখছেন। কারণ, এই টুর্নামেন্টে ভিনিসিয়ুস জুনিয়র বুঝিয়ে দিয়েছেন, তিনিও পেনাল্টি নিতে প্রস্তুত ছিলেন। কিন্তু তার পরিবর্তে কেন গিমারাইসকে বেছে নেয়া হলো?
নরওয়ের বিপক্ষে হারের পর ভিনিসিয়ুস বলেন, ‘কোচ ম্যাচ শুরুর আগেই পেনাল্টি কে নেবেন, সেটা ঠিক করে দেন। ব্রুনোকে বেছে নিয়েছেন কোচ। আমার মধ্যে কখনোই কোনো দম্ভ ছিল না। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হতে হবে, এমন কোনো চিন্তাও ছিল না। এজন্য ব্রুনো পেনাল্টি নিয়েছিল। গিমারাইস আমার চেয়ে ভালো পেনাল্টি মারে। তাই কোচ তাকে বেছে নেন, এটুকুই। তবে আমি কখনো দায়িত্ব এড়াইনি।’
ভিনি আরও বলেন, ‘অনেকে হয়তো বলবে আমি পেনাল্টি নিতে চাইনি। কিন্তু আমি দায়িত্ব ছেড়ে পালানোর পাত্র না। রিয়াল মাদ্রিদে কোচ যখন আমাকে বেছে নেন, আমি পেনাল্টি নিই। আমাদের পরবর্তী বিশ্বকাপ এবং সামনের ম্যাচগুলোর জন্য আরও ভালো প্রস্তুতি নিতে হবে।’
আনচেলত্তি অবশ্য বলেছেন, কে কখন পেনাল্টি নেবেন, সেটি দীর্ঘদিন ধরে আলোচনার পর চূড়ান্ত করে রেখেছিলেন টেকনিক্যাল স্টাফরা। এরই ধারাবাহিকতায় ভিনিসিয়ুসের চেয়ে আগে ছিলেন গিমারাইস, এমনকি মার্তিনেল্লিরও আগে।
কোচ আরও বলেন, ‘সবচেয়ে ভালো ছিল নেইমার। তারপর ইগর থিয়াগো, তারপর রাফিনিয়া এবং এরপর ব্রুনো গিমারাইস। মার্তিনেল্লি ছিল এদের সবার পরে। আমরা ব্রুনোকে বেছে নিয়েছিলাম, কারণ মাঠে থাকা খেলোয়াড়দের মধ্যে ওকেই সেরা বলে মনে হয়েছিল আমাদের।’
