দ্য হান্ড্রেডে পুরো মৌসুম কি খেলবেন মোস্তাফিজ

দ্য হান্ড্রেডে পুরো মৌসুম কি খেলবেন মোস্তাফিজ

ফন্ট সাইজ:

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের পুরো মৌসুম খেলার ছাড়পত্র পেয়েছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে এক মাসের এনওসি দিয়েছে। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে খেলবেন কাটার মাস্টার। বিসিবির পক্ষ থেকে মোস্তাফিজকে ২০শে জুলাই থেকে ২০শে আগস্ট পর্যন্ত এনওসি দেয়া হয়েছে। টুর্নামেন্ট শুরু হবে ২১শে জুলাই, ফাইনাল ১৬ই আগস্ট। এই সময়ে জাতীয় দলের কোনো সাদা বলের সিরিজ না থাকায় পুরো টুর্নামেন্ট নির্বিঘ্নে খেলতে পারবেন তিনি।

দ্য হান্ড্রেডের সবশেষ ড্রাফট থেকে মোস্তাফিজকে ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ডে (বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৬৪ লাখ) দলে নেয় বার্মিংহাম ফিনিক্স। লন্ডনের পিকাডিলি লাইটসে অনুষ্ঠিত সেই নিলামে আটটি ফ্র্যাঞ্চাইজি অংশ নিয়েছিল দেশি-বিদেশি খেলোয়াড় কেনার লড়াইয়ে। এবারের নিলামে বাংলাদেশ থেকে ছিলেন দুজন। মোস্তাফিজ ও রিশাদ হোসেন। তবে স্পিনার রিশাদ শেষ পর্যন্ত অবিক্রিত থেকে যান। ৩০ বছর বয়সী মুস্তাফিজের এটি হবে দ্য হান্ড্রেডে প্রথম অভিজ্ঞতা। আইপিএল, পিএসএল, বিপিএল খেলার অভিজ্ঞতা থাকা এই পেসারের এবার আরেকটি লীগে খেলার অভিজ্ঞতা অর্জন করবেন।

ইমনকে এনওসি জিএসএলের জন্য
দ্য হান্ড্রেডের পাশাপাশি গ্লোবাল সুপার লীগ (জিএসএল) খেলার জন্য পারভেজ হোসেন ইমনকেও এনওসি দিচ্ছে বিসিবি। পিএসএলের সর্বশেষ আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলা ইমন এবারও লাহোরের হয়েই খেলবেন জিএসএলে। যা মাঠে গড়ানোর কথা জুলাইয়ের শেষ দিকে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (১৫, ১৭ ও ১৯শে জুলাই) শেষ করেই লাহোর শিবিরে যোগ দেবেন তিনি।

অন্য যারা খেলবেন বিদেশের মাটিতে
শ্রীলঙ্কা প্রিমিয়ার লীগে (এলপিএল) এবার খেলবেন পাঁচ বাংলাদেশি। তারা হলেন-সাকিব আল হাসান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও তাসকিন আহমেদ। তাদের সবাইকে আগেই এনওসি দিয়ে রেখেছে বিসিবি। জিম্বাবুয়ে সিরিজের দলে লিটন ও তাসকিনকে রাখেনি বোর্ড।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন