ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী কাবিন পদক-২০২৬ ঘোষনা

ফন্ট সাইজ:

বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের প্রখ্যাত কবি, সাহিত্যিক ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই সিকদার-পাচ্ছেন ‘সোনালী কাবিন পদক-২০২৬’। আগামী ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী কবি আল মাহমুদ স্মরণোৎসব-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে তার হাতে এ পদক তুলে দেয়া হবে।

শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান সংগঠনের প্রধান উপদেষ্টা ও পৌরসভার সাবেক মেয়র,কবির মামা হাফিজুর রহমান মোল্লা কচি। এসময় তার সাথে ছিলেন পরিষদের সভাপতি মোঃ ইব্রাহিম সাদাত ও সাধারণ সম্পাদক লিটন হোসাইন জিহাদ, সংগঠনের উপদেষ্টা এইচ এম আবুল বাশার।

লিখিত বক্তব্যে বলা হয়, বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম শক্তিমান কবি আল মাহমুদের সাহিত্য, জীবন ও দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, তার সাহিত্যচর্চাকে আরও বেগবান করা এবং সাহিত্য-সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখায় এ স্মরণোৎসবের মূল উদ্দেশ্য। সেই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘সোনালী কাবিন পদক’ প্রদান করা হচ্ছে। ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত নানা কর্মসূচি থাকবে স্মরণোৎসবে।

৯ জুলাই সকালে কবির কবর জিয়ারত ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে স্মরণোৎসবের সূচনা হবে। বিকেলে স্থানীয় নিয়াজ মুহাম্মদ হাইস্কুল মাঠে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, কবিতা পাঠ, সাহিত্য আড্ডা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ১০ জুলাই সকালে কবির রচিত স্বরচিত কবিতা পাঠ এবং স্কুল-কলেজ পর্যায়ের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। বিকেলে ‘গদ্য সাহিত্যে আল মাহমুদ’ এবং রাতে ‘কবিতায় আল মাহমুদ’ শীর্ষক দুটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন।

১১ জুলাই বিকেলে কবির রচিত কবিতা পাঠ ও স্কুল পর্যায়ের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এরপর সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ‘সোনালী কাবিন পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন