চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন কণ্ঠশিল্পী-অভিনেত্রী নাদিয়া আহমেদ। এবারের বিশ্বকাপ নিয়ে নাদিয়ার উচ্ছ্বাসটা একটু বেশিই। কারণ তিনি আর্জেন্টিনার প্রথম খেলা সরাসরি স্টেডিয়ামে বসে উপভোগ করেছেন। ভেসেছেন মেসিদের খেলার আনন্দে।
সঙ্গে ছিলেন তার স্বামী ও অভিনেতা এফ এস নাঈম। আর্জেন্টিনার কোনো খেলা সামান্য মিস করতেও রাজি নন নাদিয়া। তিনি বলেন, আমি সৌভাগ্যবান মেসিদের খেলা সরাসরি দেখতে পেরেছি। আমি ছোটবেলা থেকেই এ দলটির সমর্থক। তাদের খেলায় কখনো হেসেছি, কখনো চোখে অশ্রু এসেছে।
তবে সরাসরি মেসিসহ পুরো আর্জেন্টিনার খেলা দেখার অনুভূতি সত্যিই অন্যরকম। এবারের বিশ্বকাপটি তাই স্বাভাবিকভাবেই আমার কাছে অন্যরকম অভিজ্ঞতার। এর বাইরে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচ তুমুল আগ্রহ ও উচ্ছ্বাস নিয়ে দেখছি। আমি বিশ্বাস করি, এবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। মেসির হাতে উঠবে বিশ্বকাপ। আর্জেন্টিনা ভক্তদের প্রতি অনেক শুভকামনা রইলো। এর বাইরে অন্য দলের সমর্থকদেরও শুভকামনা জানাতে চাই।
