পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বিলকুলা গ্রামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। অভিযুক্ত জুয়েল ও মামুনকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার দুপুরে বিলকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের দাবি, গত বুধবার দিবাগত রাতে ওই শিক্ষার্থীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং ঘটনার তদন্তে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্টদের জবাবদিহির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন বিলকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, আলহাজ হামিদ ফকির, শাকিল হোসেন, আলগীর হোসেন, মাসুদ রানা, সোহেল রানা, ফজলাল ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা। এ বিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান বলেন, ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তাদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
