রাজারহাটে সিএনজি-ট্রাক সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ৪

ফন্ট সাইজ:

কুড়িগ্রামের রাজারহাটে সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের একজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। শনিবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের মন্ডলের বাজার পেট্রোল পাম্প সংলগ্ন শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. এরশাদ আলী (৪০) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বালিয়াপুর গ্রামের বাসিন্দা।

আহতরা হলেনÑ মিজানুর রহমান (৬০), রবিউল ইসলাম (৩৫), শফিউর রহমান (১৯) এবং সিএনজি চালক দুলু মিয়া (৩৪)। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর ও লাভলুর ভাষ্য অনুযায়ী, বিপরীত দিক থেকে আসা সিএনজি ও সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই এরশাদ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের চিকিৎসক প্লাবন রায় জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান রাজারহাট থানার ওসি মামুনুর রশিদ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন