মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জমির দখল নিলো প্রশাসন

ফন্ট সাইজ:

দীর্ঘদিনের জমি-সংক্রান্ত জটিলতার অবসান ঘটিয়ে মাদারীপুরে ৬২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন আধুনিক ডাম্পিং স্টেশন প্রকল্পের নির্ধারিত জমির দখল নিয়েছে জেলা প্রশাসন। শনিবার সকাল থেকে দিনব্যাপী সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে জমি পরিমাপ, সীমানা নির্ধারণ এবং লাল পতাকা টানিয়ে সরকারি দখল নিশ্চিত করার কার্যক্রম পরিচালিত হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা প্রকল্প বাস্তবায়নের অন্যতম প্রধান বাধা দূর হয়েছে। জানা গেছে, বাংলাদেশের ২৫টি শহরে অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন উন্নয়ন প্রকল্পের আওতায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে মাদারীপুর পৌরসভায় একটি আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি টাকা।

এ লক্ষ্যে সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় প্রায় সাড়ে পাঁচ একর জমি নির্ধারণ করা হয়। তবে স্থানীয় কিছু ব্যক্তির দখলে থাকায় জমি-সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘদিন প্রকল্পের নির্মাণকাজ শুরু করা সম্ভব হয়নি। প্রকল্পের অচলাবস্থা নিরসনে গত ৩রা জুন ব্রাহ্মন্দী এলাকায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, মাদারীপুর স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও পৌর প্রশাসক জেসমিন আক্তার বানুসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, পৌর কর্তৃপক্ষ ও এলাকাবাসী অংশ নেন। সভায় প্রকল্পের প্রয়োজনীয়তা তুলে ধরে দ্রুত জমি-সংক্রান্ত জটিলতা নিরসনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এরই ধারাবাহিকতায় শনিবার জেলা প্রশাসনের সার্ভেয়ার, আমিন, সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ডাম্পিং স্টেশনের জন্য নির্ধারিত জমির সীমানা চিহ্নিত করে লাল পতাকা টানিয়ে সরকারি দখল নিশ্চিত করেন। মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, দীর্ঘদিনের জটিলতা নিরসনের মাধ্যমে ডাম্পিং স্টেশন নির্মাণের পথ উন্মুক্ত হয়েছে। আধুনিক ডাম্পিং স্টেশন নির্মিত হলে মাদারীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্তের সূচনা হবে। মাদারীপুর স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও পৌর প্রশাসক জেসমিন আক্তার বানু বলেন, নির্দিষ্ট ডাম্পিং স্টেশন না থাকায় বর্জ্য সংগ্রহ, সংরক্ষণ ও অপসারণে জটিলতা সৃষ্টি হতো।

আধুনিক ডাম্পিং স্টেশন নির্মিত হলে এসব সমস্যার স্থায়ী সমাধান হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডাম্পিং স্টেশনের জন্য প্রায় সাড়ে পাঁচ একর জমি নির্ধারিত থাকলেও আপাতত জমির দখল গ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়েছে। জমি-সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা নিরসনের ফলে এখন দ্রুত নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন