লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ

ফন্ট সাইজ:

ভোলার লালমোহনে কলেজছাত্র মো. ইব্রাহিম খলিল নয়নের হত্যাকারী আব্দুল্লাহ আল মানিকের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। শনিবার সকালে লালমোহন থানার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নিহতের স্বজন ও সহপাঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ’ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে আধা ঘণ্টার মতো বিক্ষোভ করা হয়। এ সময় বক্তারা বলেন, একজন মেধাবী কলেজছাত্রকে নৃশংসভাবে হত্যা তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। পুলিশ দ্রুততম সময়ে প্রধান অভিযুক্ত মানিককে আটক করায় আমরা ধন্যবাদ জানাই।

তবে আমাদের দাবি- আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওই ঘাতককে যেন সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসি নিশ্চিত করা হয়। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর সড়ক এলাকায় প্রেম সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মানিকের এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত হন ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. ইব্রাহিম খলিল নয়ন। ঘটনার পর হত্যাকারী নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠায় লালমোহন থানা পুলিশ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন