রংপুর সমাজসেবা কার্যালয়ের পরিবেশ ও অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি। শনিবার দুপুরে নগরীর রোকেয়া চত্বরস্থ সমাজসেবা কার্যালয় পরিদর্শনের সময় তিনি দেখেন কার্যালয়ের তৃতীয়তলায় অবস্থিত কম্পিউটার সেকশনের চেয়ার, টেবিল ও কম্পিউটারে ধুলোর স্তর জমে আছে। চতুর্থতলার সামাজিক অর্থনৈতিক কেন্দ্র পরিচালিত সেলাই প্রশিক্ষণ কক্ষেও ধুলোবালি লক্ষ্য করেন মন্ত্রী। এ সময় মন্ত্রী নিজেই ধুলা স্পর্শ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, অফিসের চেয়ার-টেবিল দেখে তো মনে হচ্ছে গত ১৫ দিনেও কেউ এগুলো ব্যবহার করেনি। কক্ষের অবস্থাও সেটিই প্রমাণ করে। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায় বলেন, যেসব কক্ষে মন্ত্রী স্যার ধুলা দেখেছেন তার একটি শহর সমাজসেবার এবং আরেকটি সামাজিক অর্থনৈতিক কেন্দ্রের অধীনে। এরপরেও মন্ত্রী স্যারের নির্দেশনা মোতাবেক বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
মন্ত্রীর পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এড. মাহফুজ-উন-নবী ডন, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব, জেলা বিএনপি’র সদস্য লিটন পারভেজ, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এমদাদুল হক ভরসাসহ অন্যরা।
