পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগামারি খালে অভিযান চালিয়ে হরিণ ধরার ফাঁদসহ সুন্দরবনের কুখ্যাত হরিণ শিকারি ফরিদসহ ৪ শিকারিকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় তাদের ব্যবহৃত নৌকাসহ আড়াই মণ কাঁকড়া এবং কাঁকড়া ধরার ৫০টি নিষিদ্ধ চারু জব্দ করা হয়। পরে গতকাল ভোরে মৃগামারি খাল এলাকা থেকে তাদের আটক করা হয়। দুপুরে আটক শিকারিদের বাগেরহাট আদালতে প্রেরণ করে বনবিভাগ। সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস জানান, গোপন সংবাদে চাঁদপাই ফরেস্ট স্টেশন ও আন্ধারমানিক ইকো-ট্যুরিজম কেন্দ্রের বনরক্ষীরা যৌথভাবে শনিবার মৃগামারি খালে অভিযান চালায়। এ সময় একটি নৌকাসহ চার শিকারিকে হাতেনাতে আটক করে তারা।
পরে নৌকায় তল্লাশি চালিয়ে ৩০০ ফুট হরিণ ধরার ফাঁদ, ৭টি ঝুড়িতে রাখা আড়াই মণ কাঁকড়া, কাঁকড়া ধরার ৫০টি নিষিদ্ধ চারু এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃতরা হলো- মোংলা উপজেলার দক্ষিণ চিলা গ্রামের কুখ্যাত হরিণ শিকারি একাধিক বন মামলার আসামি ফরিদ হাওলাদার (৩০), তার সহযোগী আতাউর খান (২৮), মোজাম জোমাদ্দার (২৯) এবং রুহুল জোমাদ্দার (৩০)। সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, আটক ফরিদ কুখ্যাত হরিণ শিকারি। তার বিরুদ্ধে একাধিক বন মামলা চলমান রয়েছে। তিনি আরও জানান, আটক ৪ জনের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।
