মৌলভীবাজারে চাঞ্চল্যকর ছিনতাইয়ের রহস্য উন্মোচন: মূলহোতা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের কমলগঞ্জে পূবালী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের ঘটনায় জড়িত মূল হোতাকে গ্রেপ্তার করেছে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) মৌলভীবাজার জেলা। আলোচিত এ ঘটনার প্রধান আসামি সেলিম আহমদ ওরফে ‘বটলা সেলিম’ (৩৮)কে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুর ২টায় মৌলভীবাজারের পিবিআই পুলিশ সুপার মো. জাফর হোসেন প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, গত ২২শে জুন সকাল সাড়ে ১১টার দিকে কমলগঞ্জের শমসেরনগর পূবালী ব্যাংক শাখা থেকে রেহেনা বেগম (৫১) নামে এক নারী ১ লাখ ৪৩ হাজার টাকা উত্তোলন করে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন।

পথে আলীনগর চা বাগান ফ্যাক্টরির দক্ষিণ দিকে কালী মন্দিরের সামনে পৌঁছালে দু’টি মোটরসাইকেলে আসা ৪ জন ছিনতাইকারী তার পথরোধ করে। তারা ভয়ভীতি দেখিয়ে বাদীর টাকা ও চেক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পরদিন কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি পিবিআই মৌলভীবাজার জেলা তদন্তের দায়িত্ব পায়। পরে তদন্তকারী দল ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার মূল হোতা অনিক ওরফে ‘বটলা সেলিম’কে শনাক্ত করে।

পরবর্তীতে পিবিআই মৌলভীবাজারের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এছাড়া তদন্তকালে ছিনতাইয়ে ব্যবহৃত লাল রঙের মোটরসাইকেলটিও উদ্ধার করা হয় যা বাদী শনাক্ত করেছেন। পিবিআই মৌলভীবাজারের পুলিশ সুপার মো. জাফর হোসেন জানান, বটলা সেলিমের বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও ছিনতাই সংক্রান্ত অন্তত ৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে তার সহযোগীদের নিয়ে এলাকায় অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ছিনতাইয়ের ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা স্বীকার করেছে। পুলিশ সুপার জানান এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন