এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। গতকাল সকালে সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে টানা চতুর্থ দিনের মতো অনুশীলন করেন আফঈদা, আলপিরা। আকাশে মেঘ থাকায় সূর্যের তাপ কম থাকলেও অনুশীলনের তীব্রতায় কোনো ঘাটতি ছিল না। আজ স্থানীয় এ-লীগ ক্লাব ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে একটি ক্লোজড-ডোর প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বড় আসরের আগে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে এই ম্যাচকে। গতকাল অনুশীলন সেশন শুরু হয় ছয় মিনিটের দৌড় দিয়ে। এরপর ডিফেন্ডিং ও পাসিং অনুশীলনে মন দেন ফুটবলাররা। শারীরিক চাপ বিবেচনায় এদিন জিম সেশন রাখা হয়নি। অনুশীলন শেষে খেলোয়াড়রা আইস বাথ ও রিকভারি সেশনে অংশ নেন, যাতে দ্রুত পুনরুদ্ধার সম্ভব হয়। দলের প্রধান কোচ পিটার বাটলার মেয়েদের পরিশ্রমে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, খেলোয়াড়দের প্রচেষ্টায় কোনো ঘাটতি নেই। তারা কঠোর পরিশ্রম করছে এবং অনুশীলনের প্রতি একনিষ্ঠ মনোভাব ধরে রেখেছে। এই সময়টাকে বিভিন্ন কৌশলগত ফরমেশন পরীক্ষা এবং দলে জায়গা পাওয়ার জন্য সুস্থ প্রতিযোগিতা তৈরির সুযোগ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে জানান এই বৃটিশ কোচ। দলের ফরমেশন নিয়ে বাটলার বলেন, ‘এখনো ফরমেশন চূড়ান্ত করিনি। কখনো ৩-৪-৩, আবার কখনো ৪-৩-৩ ফরমেশনে দল সাজানোর পরিকল্পনা করছি। তবে নির্দিষ্ট কোনো ছকে আটকে না থেকে প্রীতি ম্যাচে সব খেলোয়াড়কে সুযোগ দিয়ে তাদের সক্ষমতা যাচাই করতে চাই।’ নতুন কৌশল মাঠে কতোটা কার্যকর হচ্ছে এবং আসন্ন প্রতিযোগিতার আগে দল কতোটা প্রস্তুত; তা যাচাইয়ের সুযোগ মিলবে এই লড়াইয়ে। প্রস্তুতি ম্যাচের দুই আর্ধে মেয়েদের পরখ করবেন জানিয়ে বাটলার বলেন, ‘আমি কাজের চাপ এবং খেলার ধকল সবার মধ্যে ভাগ করে দেবো। মেয়েরা সত্যিই দারুণ কাজ করেছে। আমি তাদের প্রচেষ্টায় কোনো খুঁত ধরতে পারছি না; তারা একদল সৎ মেয়ে এবং তারা যে পরিশ্রম করছে তা চমৎকার। অনুশীলনের জন্য এটি একটি ভালো পরিবেশ; আপনারা দেখতেই পাচ্ছেন এখানকার মাঠগুলো অসাধারণ, যদিও এটি সাধারণ মানুষের জন্য কিছুটা উন্মুক্ত।’ ১লা মার্চ শুরু হবে চূড়ান্ত পর্বের লড়াই। এই আসরে ‘বি- গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। আগামী ৩রা মার্চ মঙ্গলবার ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। ৬ই মার্চ একই স্টেডিয়ামে উত্তর কোরিয়া ও ৯ই মার্চ পার্থে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে আফঈদা-ঋতুপর্ণারা।
সিডনিতে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন আফঈদা-আলপিরা
স্পোর্টস রিপোর্টার
২৫ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
