বরগুনার আমতলীর কুকুয়া ইউনিয়নের ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমে ঘুষ দাবি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষকরা। শনিবার সকালে মহিষকাটা বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক কৃষক ও ভূমি মালিক অংশগ্রহণ করেন। উপজেলা সেটেলমেন্ট কার্যালয় সূত্রে জানা গেছে, কুকুয়া ইউনিয়নের ২০১৬ সালের জুলাই মাসে ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম শুরু হয়। শুরু থেকেই জরিপ কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের মাধ্যমে এক ব্যক্তির জমি অন্যের নামে রেকর্ড করে দেয়ার অভিযোগ করে আসছেন ভূমি মালিকরা।
বর্তমানে এসব অভিযোগ ব্যাপক আকার ধারণ করেছে। স্থানীয় কৃষক মো. আলী আকব্বরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সমাজসেবক মো. নজরুল মাতুব্বর, মো. রসায়ান মুরাদ, ছালাম সিকদার, মো. রুহুল আমিন, জয়নাল সিকদারসহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, আমতলী উপজেলা সেটেলমেন্ট অফিসে ডিজিটাল ভূমি জরিপের সঙ্গে সংশিষ্ট কিছু ব্যক্তি ঘুষের বিনিময়ে একজনের জমি অন্যজনের নামে রেকর্ড করে দিচ্ছেন।
এ ছাড়া, একটি খতিয়ানকে অযৌক্তিকভাবে একাধিক খতিয়ানে বিভক্ত করে পরে তা সংশোধনের জন্য মোটা অঙ্কের অর্থ দাবি করা হচ্ছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা সেটেলমেন্ট কার্যালয়ের সহকারী সেটেলমেন্ট অফিসার মো. হাবিবুর রহমান বলেন, ঘুষ, অনিয়ম ও দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে- তা সম্পূর্ণ মিথ্যা। আমাদের কোনো কর্মকর্তা-কর্মচারী এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।
