শ্রীপুরে ডিমের ন্যায্যমূল্যের দাবিতে ব্যতিক্রমী প্রতিবাদ

শ্রীপুরে ডিমের ন্যায্যমূল্যের দাবিতে ব্যতিক্রমী প্রতিবাদ

ফন্ট সাইজ:

গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজারে ডিমের ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন প্রান্তিক খামারিরা। এ সময় তারা প্রতীকী প্রতিবাদ হিসেবে সড়কে ডিম ফেলে ক্ষোভ প্রকাশ করেন। শনিবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার ফুটওভার ব্রিজের নিচে মেসার্স হান্নান এন্টারপ্রাইজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক খামারিরা অংশ নেন। মানববন্ধনে অংশ নেয়া খামারিদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।

তারা অভিযোগ করেন, উৎপাদন খরচের তুলনায় বাজারে ডিমের দাম কম থাকায় তারা দীর্ঘদিন ধরে লোকসানের মুখে রয়েছেন। প্রতীকী প্রতিবাদ হিসেবে খামারিরা সড়কে ডিম ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। বক্তারা বলেন, ডিমের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারিভাবে মূল্য নির্ধারণ করা প্রয়োজন। তাদের অভিযোগ, কয়েকটি বড় প্রতিষ্ঠান ও সিন্ডিকেটের প্রভাবের কারণে প্রান্তিক খামারিরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। খামারিরা দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করে তাদের দাবির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন