ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, হাসপাতালের মালিক-স্টাফ পলাতক

ফন্ট সাইজ:

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে টনসিল অপারেশনের প্রস্তুতিকালে ইনজেকশন দেয়ার পর চাঁদনী (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছেন তার স্বজনরা। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে অবস্থিত আল মদিনা হাসপাতালে এ ঘটনা ঘটে। চাঁদনী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের সয়া গ্রামের আপনের মেয়ে। স্বজনদের অভিযোগ, অপারেশনের প্রস্তুতির অংশ হিসেবে শিশুটিকে একটি ইনজেকশন দেয়ার পর অচেতন হয়ে পড়ে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নিতে হবে। তবে রাত ৯টার দিকে তাকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের দাদি অভিযোগ করে বলেছেন, ১৩ হাজার টাকায় টনসিল অপারেশনের জন্য হাসপাতালের সঙ্গে চুক্তি করা হয়েছিল। অপারেশন থিয়েটারে নেয়ার কিছুক্ষণ পর হাসপাতাল থেকে জানানো হয়, শিশুটিকে ময়মনসিংহে স্থানান্তর করতে হবে।

পরে তারা জানতে পারেন, চাঁদনী মারা গেছে। চিকিৎসকদের অবহেলার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবিও জানান তিনি। ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল প্রাঙ্গণে নিহতের স্বজন ও স্থানীয়দের ভিড় জমে। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ তালা লাগিয়ে পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধরা হাসাপাতালের জানালার গ্লাস ও সাইনবোর্ড ভাঙচুর করে। এ বিষয়ে আল মদিনা হাসপাতালের কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ধনবাড়ী থানার ওসি নূরুস সালাম সিদ্দিক জানান, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন