বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও যোগাযোগ সরঞ্জামসহ কেএনএফের (কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট) এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে থানচি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এলাকায় অভিযান চালিয়ে জৌথান বম (৫২) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার বাসিন্দা এবং লালপিয়ান বমের ছেলে।
জানা যায়, গত তিনদিন ধরে থানচির দুর্গম এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় শেরকরপাড়া এলাকায় অভিযান চালিয়ে জৌথান বমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, ৫৭ রাউন্ড কার্টুজ, একটি ওয়্যারলেস সেট ও একটি ছুরি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানায়, জৌথান বম দীর্ঘদিন ধরে কেএনএফের সহযোগী হিসেবে কাজ করে আসছিলেন। তিনি কখনো মালামাল বহনকারী (কুলি) হিসেবে, আবার কখনো সংগঠনটির বিভিন্ন কার্যক্রম ও প্রশিক্ষণস্থলে যাতায়াত করতেন বলে অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য জানান, জৌথান বমকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি তা উপেক্ষা করেন এবং উল্টো তাকে ধরিয়ে দেয়ার হুমকি দিতেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, থানচির দুর্গম এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফের এক সদস্যকে সেনাবাহিনী আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
