মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা এলাকার যুবক সজীব আহমেদ। ফুটবলপ্রেমী হিসেবে যিনি ব্রাজিলের অন্ধ ভক্ত ছিলেন। চলতি বিশ্বকাপ ফুটবল আসরে প্রিয় দলের দুর্বল খেলা তাকে মানসিকভাবে নাড়া দেয়। দুর্বলতা তৈরি হয় মেসির আর্জেন্টিনা দলের প্রতি। তাই দেরি না করে আর্জেন্টিনা সমর্থক বন্ধুদের সঙ্গে শলাপরামর্শের মধ্যে দিয়েই ব্রাজিল শিবির ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। নিজের শরীর থেকে ব্রাজিলের গন্ধ মুছে ফেলতে দুধ দিয়ে গোসল করেই শেষমেষ আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা শিবিরে নিজের নাম লেখান এই যুবক।
নতুন দলের জার্সি গায়ে তোলার আগে মাথা থেকে পা পর্যন্ত নিজের পুরো শরীর দুধ দিয়ে ধুয়ে নেন। তার এই অভিনব যোগদান পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই যুবককে নিয়ে আলোচনার ঝড় বইছে নেট দুনিয়ায়। আর্জেন্টিনায় যোগদানের সময় তার দুই বন্ধু তাকে শপথ বাক্যও পাঠ করান। এ সময় আর্জেন্টিনার সমর্থকরা তাকে করতালি দিয়ে অভিবাদন জানিয়ে নিজেদের শিবিরের নতুন সদস্য হিসেবে গ্রহণ করেন। সজীব আহমেদ বলেন, ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক ছিলাম। কিন্তু দিন দিন দলটির খেলার পারফরমেন্স আমাকে বিমুখ করে আসছিল। ২০২২ সালে আর্জেন্টিনা যখন বিশ্ব চ্যাম্পিয়ন হয় তখন থেকেই দলটির প্রতি কিছুটা দুর্বলতা কাজ করে।
চলতি বিশ্বকাপে ব্রাজিলের খেলা আমাকে সন্তুষ্ট করতে পারেনি। যার কারণে আর্জেন্টিনার জার্সি গায়ে তুলে নিলাম। এখন খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ ২০২২ সালের বিশ্বকাপ জয়ের ধারাবাহিকতায় এবারো আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। এলাকার আজিজুল হাকিম জানান, আমার প্রিয় দল আর্জেন্টিনা। ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ দেয়ায় সজীবকে অভিনন্দন। আমি মনে করি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এখন থেকে আমাদের সঙ্গেই সজীব বিশ্বকাপ ফুটবল উপভোগ করবেন। এদিকে এলাকার ব্রাজিলভক্ত অনেকেই সজীবের আর্জেন্টিনায় যোগদান কে উপহাস হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ভাইরাল করার জন্য এই অভিনব পথ অবলম্বন করেছে বলেও কেউ কেউ মনে করছে।
