সিঙ্গাপুর ম্যাচে থাকছেন না তপু-রাকিব

ফন্ট সাইজ:

এশিয়ান কাপের বাছাইয়ে গ্রুপের শেষ ম্যাচে ৩১শে মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার আগে ২৬শে মার্চ ভিয়েতনামের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে মুখোমুখি হবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। দু’টি ম্যাচই হবে প্রতিপক্ষের মাঠে। তবে বাংলাদেশের জন্য দুঃসংবাদ হলো সিঙ্গাপুরের বিপক্ষে দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাচ্ছেন না কাবরেরা। দুই হলুদ কার্ডের কারণে ডিফেন্ডার তপু বর্মণ ও ফরোয়ার্ড রাকিব হোসেনের কপাল পুড়েছে। এশিয়ান কাপে আগের ম্যাচ দু’টিতে কার্ড দেখার কারণে দুই ফুটবলারকে সিঙ্গাপুর ম্যাচে দর্শক হয়ে থাকতে হচ্ছে। জাতীয় দল সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এমনিতে এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের কোনো সুযোগ নেই। তবে সিঙ্গাপুরের বিপক্ষে পয়েন্ট নিতে পারলে টেবিলে তখন এগিয়ে থাকবে। দু’টি ম্যাচকে সামনে রেখে ১৫ই মার্চ থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে। সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে এরইমধ্যে ঢাকায় এসেছেন হাভিয়ের কাবরেরা। কাজ শুরু করেছেন দল নিয়ে। জানা গেছে, তপু ও রাকিবকে ছাড়াই প্রাথমিক দল দিতে যাচ্ছেন এই স্প্যানিশ কোচ। গত বছরের ২৫শে মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপের বাছাই পর্বের মিশন শুরু করে বাংলাদেশ। ভারতের মাটিতে অনুষ্ঠিত ওই ম্যাচ শুরুর দিকেই ইনজুরিতে পরে মাঠ ছাড়েন তপু বর্মণ। ম্যাচটিতে গোল শূন্য ড্র করে ফিরে বাংলাদেশ। গত বছরের অক্টোবরে ঢাকায় হংকংয়ের বিপক্ষেও ইনজুরির কারণে তপুর সার্ভিস সেভাবে পায়নি বাংলাদেশ। শেষ দিকে মাত্র মিনিট দশেক এই ডিফেন্ডারকে খেলিয়েছেন কাবরেরা। তবে বাছাই পর্বে দুর্দান্ত খেলেছেন রাকিব হোসেন। এক গোলের পাশাপাশি একাধিক এসিস্ট আছে তার। অভিজ্ঞ এই দুই ফুটবলার না পাওয়া বড় মিসই হবে কাবরেরার।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন