জুনিয়র সাউথ এশিয়ান গেমসের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। চলতি বছরের যেকোনো সময় হবে এই টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন টেবিল টেনিস খেলোয়াড়রা। একঝাঁক সম্ভাবনাময়ী কিশোর-কিশোরী (অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯) নিয়ে বাছাই এবং র্যাঙ্কিং প্রতিযোগিতা আয়োজন করেছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। পল্টনের তাজউদ্দিন আহমেদ উডেন ফ্লোর জিমনেশিয়ামে গতকাল খেলোয়াড় বাছাই করা হয়। এতে ৩২ জন টেবিল টেনিস খেলোয়াড় অংশ নেন। ফেডারেশন সূত্রে জানা গেছে, বাছাই থেকে তিন দিনে ৪ ক্যাটাগরিতে (অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা, অনূর্ধ্ব-১৯ বালক ও বালিকা) ১৬ জনকে নির্বাচিত করা হবে। এরপর তাদের নিয়ে হবে জুনিয়র এশিয়ান গেমসের ক্যাম্প।
বাছাইয়ে সেরা হওয়া টিটি খেলোয়াড়দের নিয়ে দীর্ঘমেয়াদি ক্যাম্প করাবে টেনিস ফেডারেশন। ক্যাম্পটি হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি)। ফেডারেশনের সদস্য সুজন মাহমুদ বলেন, ‘ফেডারেশনের পরিকল্পনা অনেক বড়। এবার জুনিয়র সাউথ এশিয়ান গেমস শ্রীলঙ্কায় হওয়ার কথা রয়েছে। যদিও এখনো সময় জানা যায়নি। তবে আমরা বসে নেই। সাউথ এশিয়ানে আমাদের প্রত্যাশা এবং স্বপ্ন অনেক বড়। এ ছাড়া, নতুন খেলোয়াড় তুলে আনতেই আমাদের এই প্রচেষ্টা। যাতে সামনে জাতীয় দলের পাইপলাইন আরও মজবুত থাকে।’ বাছাই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন সদ্য সমাপ্ত জাতীয় টেবিল টেনিসের নারী এককে এবং বালিকা এককে চ্যাম্পিয়ন হওয়া খই খই মারমা। তার আগে সৌদি আরবের রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমসে জাবেদ আহমেদের সঙ্গে জুটি বেঁধে মিশ্র দ্বৈতে রুপা জেতেন ১৮ বছর বয়সী এই টেনিস খেলোয়াড়।
জুনিয়র সাফ গেমসকে ঘিরে টিটিতে নতুন আশা
স্পোর্টস রিপোর্টার
২৫ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
