ম্যাচ জুড়ে আর্জেন্টিনার একের পর এক আক্রমণ একাই নস্যাৎ করে দিয়েছেন ভোজিনহা। লিওনেল মেসির ৫টি শটসহ পুরো ম্যাচে মোট ৮টি দুর্দান্ত সেভ করেন তিনি। ৩-২ গোলে জয়ের পর মাঠ ছাড়ার আগে এক আবেগঘন মুহূর্তে ভোজিনহাকে বুকে জড়িয়ে নেন আর্জেন্টাইন অধিনায়ক।
মেসির সেই প্রতিক্রিয়ার কথা জানিয়ে ভোজিনহা বলেন, “ম্যাচ শেষে আমি নিজেই মেসির দিকে এগিয়ে গিয়েছিলাম। ও আমাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলো এবং বললো- ‘তুমি দুর্দান্ত খেলেছ। তোমাদের মানুষদের আজ তোমাকে নিয়ে গর্বিত হওয়া উচিত।’ লিও মেসির মতো একজন কিংবদন্তির মুখ থেকে এমন কথা শোনা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা ও আবেগপূর্ণ মুহূর্ত হয়ে থাকবে।”
মেসির প্রশংসার জবাবে তিনি তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ধন্যবাদ লিও, তুমিই সর্বকালের সেরা।’ এরপর কেপ ভার্দের এই গোলকিপার মেসির জার্সিটি বদল করার অনুরোধ জানালে মেসি সানন্দে রাজি হন। জানান, ম্যাচ পরবর্তী সাক্ষাৎকার শেষ করে টানেলের ভেতরেই তিনি নিজের জার্সিটি ভোজিনহাকে দিয়ে দেবেন।
বিদায়বেলায় আবেগাপ্লুত ভোজিনহা বলেন, ‘বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে আমরা আজ সমানে সমানে লড়েছি, এমনকি ম্যাচটা জেতার সুযোগও ছিল আমাদের। আমরা আজ গর্বিত। এই স্মৃতি আজীবন আমার হৃদয়ে খোদাই করা থাকবে। আশা করি, আমাদের এই লড়াই দেখে দেশের তরুণ প্রজন্ম আগামীতে বিশ্বের সেরা সেরা লীগে খেলার অনুপ্রেরণা পাবে।’
