যশোরের চৌগাছায় ২৫০ শয্যাবিশিষ্ট ডা. আনিসুজ্জামান (বেসরকারি) হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য এটি আধুনিক স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। শুক্রবার বিকালে হাসপাতালের মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এই হাসপাতাল দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্যসেবার উন্মুক্ত দুয়ার। এই হাসপাতাল ধনী-গরিব সবার জন্য উন্মুক্ত স্বাস্থ্যসেবা কেন্দ্র”।
তিনি আরও বলেন, এ অঞ্চলের মানুষকে চিকিৎসার জন্য আর বিদেশে যেতে হবে না। কম খরচে মানসম্মত চিকিৎসা এখন উপজেলা পর্যায়েই নিশ্চিত করা সম্ভব হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. আনিসুজ্জামান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হাছানুজ্জামান রাহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা অঞ্চলের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক হুসাইন মাহামুদ, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাসুদ রানা এবং পল্লী উন্নয়ন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এ কে নাজমুজ্জামান শাহিন, যশোর আদ্ব-দ্বীন সকিনা হাসপাতালের পরিচালক বাংলাদেশের স্বাস্থ্যসেবায় মডেল হাসপাতালের রুপকার ডা. ইমদাদুল হক। বক্তারা বলেন, নতুন এ হাসপাতাল চালুর মাধ্যমে স্থানীয় জনগণের চিকিৎসাসেবায় বড় পরিবর্তন আসবে এবং চিকিৎসা ব্যবস্থার ওপর চাপ কমবে।
স্থানীয়রা জানান, উন্নত চিকিৎসার জন্য এতদিন তাদের জেলা বা দেশের বাইরে যেতে হতো। নতুন এই হাসপাতাল চালু হওয়ায় এখন থেকে সহজে ও কম খরচে চিকিৎসা পাওয়ার সুযোগ তৈরি হলো। বিকাল চারটায় মন্ত্রিপরিষদের সচিব উপজেলা মিলনায়তনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে পঙ্গু ও অসহায়দের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। নিজ গ্রামের প্রতিষ্ঠিত ফজলুর রহমান দাখিল মাদ্রাসা উদ্বোধন করেন।
