নলডাঙ্গায় বসতবাড়ি-মাইক্রোবাসে দুর্বৃত্তের আগুন

ফন্ট সাইজ:

নাটোরের নলডাঙ্গায় একই রাতে পৃথক দু’টি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি ঘটনায় বসতবাড়ি ও গোয়ালঘর পুড়ে প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অপর ঘটনায় একটি মাইক্রোবাসে পূর্ব বিরোধের জেরে দুর্বৃত্তের আগুন দেয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১টা ৪৭ মিনিটে উপজেলার পিপরুল ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় মো. আদম আলীর বসতবাড়ি ও গোয়ালঘরে আগুন লাগে। আগুনে চারচালা টিনের ঘর ও গোয়ালঘর ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া গোয়ালঘরে থাকা দু’টি গরু ও দুটি ছাগল পুড়ে মারা যায়। এতে আনুমানিক ৪ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নলডাঙ্গা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কৃষকের ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খান, এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ বস্ত্র বিতরণ করা হয়।

এর আগে একই রাতে রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার খাজুরা ইউনিয়নের দুর্লভপুর গ্রামের শিক্ষক মো. হাসান আল জামানের বাড়ির উঠানে রাখা ব্যক্তিগত মাইক্রোবাসে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর অভিযোগ, জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মাইক্রোবাসে আগুন দেন। তবে স্থানীয়দের সহযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। নলডাঙ্গা থানার ওসি নূরে আলম জানিয়েছেন, বসতবাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ পাঠানো হয়েছে। একই ইউনিয়নে দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. হাসান আল জামানের বাড়ির উঠানে রাখা ব্যক্তিগত মাইক্রোবাসে দুর্বৃত্তের দেয়া আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, উভয় ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন