যশোরের অভয়নগরে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে এডিস মশাবাহিত এ রোগের প্রকোপ। গত এক মাসে উপজেলায় শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। বর্তমানে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর অবস্থায় আরও একজনকে খুলনার আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে উপজেলার জ্যোৎস্না বেগম (৫৫) নামে এক নারী গত ১৬ই জুন ঢাকার আসগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে তিনি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে চিকিৎসা নিয়েছিলেন।
এদিকে, আরিফ হোসেন (৩৩) নামে আরেক ডেঙ্গু রোগীকে গত ২৯শে জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনার আদ্-দ্বীন হাসপাতালে পাঠানো হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ সূত্র জানায়, জুন মাসে শনাক্ত হওয়া শতাধিক রোগীর মধ্যে প্রায় ৫০ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া, অর্ধশতাধিক রোগী চিকিৎসকের পরামর্শে নিজ নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিয়েছেন। ডেঙ্গুর উপসর্গ থাকা সত্ত্বেও আতঙ্ক, অবহেলা কিংবা অনীহার কারণে অনেকেই পরীক্ষা না করিয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব বলেন, জেলার আট উপজেলার মধ্যে বর্তমানে অভয়নগরেই ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। পরিস্থিতি মোকাবিলায় সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এ ছাড়া, জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওয়াপাড়া পৌর প্রশাসক সেখ সালাউদ্দিন দীপু বলেন, পৌর এলাকায় মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি উপজেলা জুড়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রয়েছে।
