টেকনাফে পাচারের সময় ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ফন্ট সাইজ:

কঙবাজারের টেকনাফ সীমান্তে নদী পথে ইয়াবা পাচারের একটি বড় চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীন হোয়াইক্যং বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। শুক্রবার দুপুরে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হোয়াইক্যং বিওপি’র একটি বিশেষ টহল দল কেরেঙ্গাঘোনা পোস্ট-২ এর নিকটবর্তী সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার সীমান্ত থেকে একজনকে একটি পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি তার হাতের পোটলা ফেলে নাফ নদে লাফ দিয়ে সাঁতরে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়। পরে টহল দল পলিথিনের ভেতর থেকে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন