হাওরে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশের জনগণের মাছের চাহিদা পূরণে নেত্রকোণার মদন, খালিয়াজুড়ি ও মোহনগঞ্জের ৫টি স্থানে বিভিন্ন প্রকার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য লুৎফর জামান বাবর তার নির্বাচনী এলাকার তিন হাওর উপজেলায় এসব মাছের পোনা অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু (এমপি) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ এবং সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, দেশীয় জাতের মাছ টিকিয়ে রাখতে ও মাছের উৎপাদন বাড়াতে নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর উনার নির্বাচনী এলাকায় নিজ উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করেছেন।
মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণে এই উদ্যোগ দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করবে এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় আরো উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, বিভাগীয় পরিচালক নৃপেন্দ্র বিশ্বাস, জেলা মৎস্য অফিসার হারুনর রশীদ, মদন উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম, মদন উপজেলার মৎস্য অফিসার (অ.দা.) মো. কামরুল হাসানসহ জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীরা।
