চট্টগ্রামে বাসচাপায় গার্মেন্টসকর্মী নিহত

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরীতে ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে গেলে হোসনে আরা (৪০) নামে এক গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বায়েজিদ বোস্তামী থানার ট্যানারি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রিনা দেবী নামে আরও এক নারী আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকচালক আনোয়ার ইসলাম খোকনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, ৩ নম্বর রুটের একটি যাত্রীবাহী বাস সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠে যায়।

ঘটনাস্থলেই গুরুতর আহত হন হোসনে আরা। পরে তার মৃত্যু হয়। তিনি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা এবং চট্টগ্রামে একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। দুর্ঘটনার সময় তিনি কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে সড়কের পাশে অপেক্ষা করছিলেন বলে জানা গেছে। একই ঘটনায় আহত রিনা দেবীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। তার শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন পুলিশ। বায়েজিদ বোস্তামী থানার এসআই ইমরান হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। ট্রাকচালককে আটক করা হয়। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত যাত্রীবাহী বাসটিও জব্দ করা হয়েছে। স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন