নান্দাইলে চুরি হওয়া মোটরসাইকেল ভিডিও কলে দেখিয়ে মুক্তিপণ দাবি

ফন্ট সাইজ:

ময়মনসিংহের নান্দাইলে চুরি যাওয়া মোটরসাইকেল ইমু ভিডিও কলে দেখিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে একটি চোর চক্র। অভিনব এই অপরাধের শিকার হয়েছেন মনিরুল ইসলাম নাঈম (২৪) নামে এক যুবক। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনো মোটরসাইকেলটি উদ্ধার বা কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ?জানা গেছে, নান্দাইল উপজেলার ভাটিসাভার গ্রামের খোকন মিয়ার ছেলে মনিরুল ইসলাম নাঈম গত ৩০শে জুন পরিচিত এক ব্যক্তির কাছ থেকে ৮৮ হাজার টাকায় একটি ব্যবহৃত টিভিএস অ্যাপাচি ১৬০ সিসি মোটরসাইকেল কেনেন। গত বৃহস্পতিবার বিকালে তিনি বাড়ির সামনে মোটরসাইকেলটি রেখে পাশের বাড়িতে একটি জানাজার অংশ নিতে যান। নামাজ শেষে ফিরে এসে দেখেন, মোটরসাইকেলটি যথাস্থানে নেই।

এরপর আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও সেটির কোনো সন্ধান পাননি। ভুক্তভোগী নাঈম জানান, মোটরসাইকেল চুরির কয়েক ঘণ্টা পর তার মামার ইমু নম্বরে একটি অজ্ঞাত নম্বর থেকে কল আসে। অপর প্রান্ত থেকে জানানো হয়, ৫০ হাজার টাকা দিলে মোটরসাইকেলটি ফেরত দেওয়া হবে। প্রথমে বিষয়টি বিশ্বাস না করলেও পরে চোর চক্রটি ইমুতে ভিডিও কল দেয়। ভিডিও কলে একটি শোরুম সদৃশ স্থানে রাখা মোটরসাইকেলটি দেখানো হয়। নাঈমের দাবি, ভিডিওতে দেখানো গাড়িটির নম্বর প্লেট তার চুরি যাওয়া মোটরসাইকেলের নম্বরের সঙ্গে হুবহু মিলে গেছে। এরপর নাঈম কোথায় ও কীভাবে টাকা দিতে হবে জানতে চাইলে চোর চক্র জানায়, পরবর্তীতে সময় ও স্থান জানিয়ে দেয়া হবে। এরপর তারা আর যোগাযোগ করেনি।

পরবর্তীতে নাঈম মেসেঞ্জারে যোগাযোগের চেষ্টা করলে ওপাশ থেকে বার্তা পাঠানো হয় ‘সমস্যা নেই, গাড়ি পাবেন; আগে একটু ঘুমিয়ে নিই।’ চোর চক্রের এমন অভিনব ও দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চুরি যাওয়া শখের মোটরসাইকেলটি ফিরে পাওয়ার আশায় চরম উদ্বেগের মধ্যে রয়েছে ভুক্তভোগী। ?এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মোটরসাইকেলটি উদ্ধার এবং এই চক্রের সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন